হোম>খেলা প্রথম রাউন্ডেই বিদায় শীর্ষ বাছাই হালেপের

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন মেয়েদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস তারকা সিমোনা হালেপ। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো মেয়েদের শীর্ষ বাছাই প্রথম রাউন্ডে হারলেন।

নিউ ইয়র্কে নতুন লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে গতকাল ২৬ বছর বয়সি রোমানিয়ান তারকাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন এস্তোনিয়ার কাইয়া কানেপি।

ফ্লাশিং মিডোতে গত বছরও প্রথম রাউন্ডে হেরেছিলেন এবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হালেপ। নিউ ইয়র্কে সেবার তাকে হারিয়েছিলেন মারিয়া শারাপোভা। ২০১৫ সালে সেমিফাইনালে ও ২০১৬ সালে শেষ আটে খেলেছিলেন তিনি।

১৯৬৮ সালে টেনিসের উন্মুক্ত যুগ শুরুর পর গতকাল হালেপের আগে মেয়েদের কোনো শীর্ষ বাছাই ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হারেননি। সেবার থেকেই টুর্নামেন্টের নাম ইউএস জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে করা হয় ইউএস ওপেন।

র‍্যাঙ্কিংয়ের ৪৪তম কানেপি গত বছর এখানে কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন। সম্প্রতি চোটের সঙ্গে বেশ লড়াই করতে হয়েছে তাকে।

ওদিকে গ্র্যান্ড স্লামে প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছে অ্যান্ডি মারের। ছেলেদের এককে প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়ার জেমস ডুকর্থকে ৬-৭ (৫-৭), ৬-৩, ৭-৫, ৬-৩ গেমে হারান ৩১ বছর বয়সি ব্রিটিশ তারকা।

প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সুইস তারকা স্তান ভাভরিঙ্কাও। ফ্লাশিং মিডোর ২০১৬ সালের চ্যাম্পিয়ন ভাভরিঙ্কা বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারান ৬-৩, ৬-২, ৭-৫ গেমে।