‘হুরমতি’ নামে একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে। আর এই চরিত্রে রূপালী পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম পারভীন। এই চলচ্চিত্রের মূল ভাবনা ও কাহিনী শবনম পারভীনের নিজের। সংলাপ লিখেছেন মঞ্জুর রহমান। অভিনয়ের বাইরে ছবিটি পরিচালনাও করছেন শবনম পারভীন। রাজধানীর বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে। চলচ্চিত্রটি নির্মাণ এবং নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে শবনম পারভীন বলেন, ‘হুরমতি নামটি দর্শকের মনে এখনো গেঁথে আছে। তাই এই নামটি নিয়ে কাজ করার পরিকল্পনা আমার দীর্ঘদিনের। যদিও সংশপ্তকের হুরমতির সঙ্গে আমার চলচ্চিত্রের হুরমতির কোনো মিল নেই। কিন্তু এই হুরমতিরও একটি চ্যালেঞ্জিং জীবন আছে। যা দর্শকের মনকে নাড়া দিবে। যেহেতু হুরমতি নিয়ে আমারই স্বপ্ন ছিলো। তাই নাম ভূমিকায় আমিই অভিনয় করছি। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করি দর্শকের কাছে অনেক উপভোগ্য হবে হুরমতি চরিত্রটি।’ ‘শবনম প্রোডাকশন’ প্রযোজিত ‘হুরমতি’ চলচ্চিত্রের শুটিং আগামী ঈদের আগেই শেষ হয়ে যাবার কথা রয়েছে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেবার ইচ্ছে রয়েছে শবনম পারভীনের। উল্লেখ্য, বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক সংশপ্তকে ‘হুরমতি’ চরিত্রে অভিনয় করে ফেরদৌসী মজুমদার বেশ সাড়া ফেলেছিলেন। এদিকে শবনম পারভীন অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ দুটি চলচ্চিত্র হচ্ছে- আকাশ আচার্য্য পরিচালিত ‘মায়াবিনী’ এবং হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্ত্বা’। এরইমধ্যে শবনম পারভীন শ্রাবণ চক্রবর্তী দিপু পরিচালিত ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ টেলিফিল্মের কাজ শেষ করেছেন। এতে তিনি একজন বাড়িওয়ালীর চরিত্রে অভিনয় করেছেন।
