হাসপাতাল থেকে ফিরে যে সতর্কবার্তা দিলেন সোনু নিগম

ত্বকের অ্যালার্জিতে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগাম। সুস্থ হয়ে ফিরে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই শিল্পী।

কয়েক দিন আগে রেস্তোরাঁয় গিয়ে সামুদ্রিক খাবার খাওয়ার পরপরই অ্যালার্জি সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিলে আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। দুদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেন তিনি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, বাড়ি ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হাসপাতালে থাকাকালীন অক্সিজেন মাস্ক পরা একটি ছবি পোস্ট করেন সোনু। সেই সঙ্গে অ্যালার্জিতে চোখ ফুলে যাওয়ার আরেকটি ছবি পোস্ট করেন তিনি। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘আমার প্রতি ভালোবাসার আছে বলে, আপানারা আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। গতকাল রাতে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি।’

‘অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার বিষয়টি সবার সঙ্গে শেয়ার করতে আমার মোটেও ইতস্ত বোধ হয় না। আমার মনে হয়, এটা সবার জন্যই একটি শিক্ষণীয় বিষয়। ভুল করেও কখনো অ্যালার্জিজনিত কিছুর সংস্পর্শে আসবেন না। আমার সামুদ্রিক খাবারে অ্যালার্জি আছে। সেদিন নানাবতী হাসপাতালের কাছাকাছি যদি না থাকতাম, তাহলে কি যে হতো’, শঙ্কা প্রকাশ করেন সোনু।

সবার সুস্থ ও সুখী জীবন কামনা করেছেন তিনি।