হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি পর্তুগাল-বেলজিয়াম

ইউরো কাপের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচে রবিবার বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবে পর্তুগাল-বেলজিয়াম। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে বেলজিয়াম রয়েছে এক নম্বরে। আর ইউরোর গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল।

কিন্তু আজ সেভিয়ায় ফুটবলপ্রেমীদের চোখ থাকবে দুই তারকার দিকে। বেলজিয়ামের রোমেলু লুকাকু, যিনি গ্রুপ পর্যায়ে তিন গোল করেছেন। অন্যজন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি গ্রুপ পর্যায়ে পাঁচ গোল করে স্বপ্ন দেখছেন ইউরো ২০২০ এর সর্বোচ্চ গোলদাতার ট্রফি হাতে তোলার।

গ্রুপ পর্বে বিশ্বজয়ী ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে মোট তিন গোল করেছেন সিআর সেভেন। এবার লক্ষ্য বেলজিয়াম রক্ষণ। পর্তুগালের হয়ে আর এক গোল করলেই জাতীয় দলের জার্সিতে সর্বাধিক ১১০ আন্তর্জাতিক গোল হয়ে যাবে রোনালদোর। পেছনে ফেলে দেবেন ইরানের আলি দাইকে (১০৯ গোল)।

অন্যদিকে, ৯৬ ম্যাচে লুকাকুর আন্তর্জাতিক গোল সংখ্যা ৬৩। এই ম্যাচ সামনে রেখে সংবাদমাধ্যমকে রোমেলু লুকাকু বলেছেন, ‍‍‘বছরটা ট্রফি দিয়ে শুরু হয়েছে। ইন্টার মিলানের হয়ে সিরি আ জেতার পরে এবার বেলজিয়ামের হয়ে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাই। এই দলটা তার যোগ্য। গত বিশ্বকাপে এতটা পরিণত ছিলাম না আমরা। এখন জেতার রাস্তা সহজেই বার করতে পারি।’

লুকাকুদের কোচ রবার্তো মার্তিনেস অবশ্য রোনালদোকে নিয়ে বেশি ভাবতে নারাজ। মহারণের আগে তিনি জানিয়ে দিয়েছেন, রোনালদোকে আটকানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই তাঁর।

সংবাদ সম্মেলনে রবার্তো মার্তিনেস বলেছেন, ‍‍‘অবশ্যই পর্তুগালের আক্রমণ ভাগকে রুখতে হবে। কিন্তু বিশেষ কোনও ফুটবলারকে বেশি নজর দিতে গেলে বিপক্ষের বাকিদের উপর থেকে চাপটা হালকা হয়ে যাবে। সেটা চাই না। রোনালদো অবশ্যই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ঠিক সময়ে নিখুঁত পাস বাড়িয়ে বা গোল করে বিপক্ষকে ধরাশায়ী করে দেয়। তাই ওকে নজরে রাখতে হবে, তার সঙ্গে বাকিদের প্রতিও সজাগ দৃষ্টি থাকবে।’