সড়কে ক্ষতবিক্ষত বাবার পাশে কাঁদছিল শিশু আশিক

আশিক মাহমুদের বয়স ছয় বছর। বাবার সঙ্গে মোটরসাইকেলে রাজবাড়ী থেকে ঢাকা যাচ্ছিল। পথে বাবা-ছেলের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে দুজনই সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার বাবা লিটন খানের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান লিটন খান। তার পাশেই কাঁদছিল আহত শিশু আশিক।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা সড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী বাসস্ট্যান্ডে কাছে এ দুর্ঘটনা ঘটে। শিবালয় হাইওয়ে পুলিশের ইনর্চাজ রিয়াদ মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে লিটন মারা যান। আর তার ছেলে আহত হয়। এ ঘটনায় ট্রাক ও বাসটিকে জব্দ করা হয়েছে। ছেলে আশিক জানিয়েছে তারা রাজবাড়ী জেলার মনিন্দপুর এলাকার বাসিন্দা।