বাংলাদেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। অবশ্য তিনি এখন আর অপূর্ব নন, ভক্তদের কাছে বড় ছেলে হিসেবেই খ্যাতি পেয়েছেন এ অভিনেতা। বাংলাদেশের নাটকের ইতিহাসে অনন্য এক স্থান দখল করেছে অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’। নাটকটিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
১৪ জুলাই ছিল এ তারকার সপ্তম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনটিকে উদযাপন করতে স্ত্রী-সন্তানকে নিয়ে গেলেন ইন্দোনেশিয়ায়। বালি দ্বীপে পরিবারের সঙ্গে অন্তরঙ্গ কিছু মুহূর্ত কাটিয়েছেন তিনি। পরে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করেছেন এই অভিনেতা।

বিশেষ ক্ষণ উদযাপনে বালিতে গিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করা, একসঙ্গে খাওয়া-দাওয়াসহ নিজেদের ছোট ছোট মুহূর্তের বিভিন্ন ছবি তুলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টও করেন অপূর্ব।
স্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘হাতটি ধরো, তোমাকে সঙ্গে নিয়ে আমি যাব সর্বত্র। এ সাতটি বছর আমার কাছে অসাধারণ ছিল। শুভ বিবাহবার্ষিকী, প্রিয়তমা স্ত্রী।’
উল্লেখ্য, ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। সে সময় অদিতি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী ছিলেন। আর অপূর্ব তখন ব্যস্ত অভিনয় নিয়ে। সংসার জীবনের সাতটি বছর পার করেছেন তারা। দুজনের ঘর আলো করে এসেছে এক ছেলেশিশু, যার নাম আয়াশ।
