স্কুলছাদে ছাত্রকে যৌন নির্যাতন, প্রধান শিক্ষকসহ কেয়ারটেকার আটক

ছাত্রদের ছাদে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগে উঠেছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক কেয়ারটেকারের বিরুদ্ধে। এ ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় স্কুলের প্রধান শিক্ষকসহ ওই কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কলকাতার আসানসোল জেলার রূপনারায়ণপুর গ্রামে।

ওই শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, প্রতিদিনই কোনো না কোনো শ্রেণির ছাত্রকে স্কুলের ছাদে নিয়ে যৌন নির্যাতন চালাতেন ওই ব্যক্তি। কারও কাছে যেন এ ব্যাপারে জানাতে না পারে, সে জন্য নির্যাতনের শিকার ছাত্রদের ভয় দেখাতেন ওই কেয়ারটেকার।

এক ছাত্রের অভিভাবক জানান, তারা হয়তো জানতে পারতেন না, তাদের সন্তানের সঙ্গে এমন কিছু ঘটেছে যদি না সে বাড়িতে ফিরে অস্বাভাবিক আচরণ করতো। সন্দেহ হওয়ায় তারা ছেলেকে বারবার তার সমস্যার কারণ জিজ্ঞাসা করেন। পরে সে তার ওপর ঘটা নির্যাতনের কথা জানায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শুধু ওই ছাত্র নয়, বরং আরও কয়েকজন শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেন ওই কেয়ারটেকার। তারাও স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানান। কিন্তু তিনি কোনো ব্যবস্থা গ্রহণ না করায় সালানপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিভাবকরা।

এদিকে অভিযোগের ওপর ভিত্তি করে প্রধান শিক্ষক ও কেয়ারটেকারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর পরই থানার মধ্যে অভিযুক্ত কেয়ারটেকারকে বেধড়ক মারধর করে অভিভাবকরা।