সৌম্য ব্যাটে ডাবলিনে জয় পেল বাংলাদেশ ‘এ’ দল

টেস্ট ও ওয়ানডের জাতীয় দলে জায়গা হারিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েও হতাশ করেছেন। তবে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জ্বলে উঠলেন সৌম্য সরকার।

সৌম্যের ঝোড়ো ফিফটিতে প্রথম আনঅফিসিয়াল টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

গতকাল সোমবার ডাবলিনে টস জিতে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে ২ ওভার হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।

আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে এদিন মাঠে নেমেছিলেন উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেলের মতো অভিজ্ঞরা। ওয়ানডে সিরিজে আইরিশদের নেতৃত্ব দেওয়া অ্যান্ডু বালবির্নি টি-টোয়েন্টিরও অধিনায়ক।

স্টুয়ার্ট থম্পসনের ২৮, সিমি সিংয়ের ৪১ রানের সুবাদে দেড়শ ছাড়ানো পুঁজি পেয়েছিল আইরিশরা। ও’ব্রায়েন ১২ বলে করেন ২১ রান।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন নাঈম হাসান ও আফিফ হোসেন।

লক্ষ্য তাড়ায় শূন্য রানেই জাকির হাসানের উইকেট হারিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সেখান থেকে ৬২ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন সৌম্য ও নাজমুল হোসেন শান্ত। ২৩ বলে ৭ চারে শান্ত ৩৮ রান করে ফিরলে ভাঙে জুটি।

শান্ত ফিরলেও মোহাম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে দলের স্কোর একশ পার করেন সৌম্য। ৪ রানের ব্যবধানে বিদায় নেন দুজনই। মিথুন ৭ বলে ৮ ও সৌম্য ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫৭ রান।

ঝোড়ো ব্যাটিংয়ে বাকি কাজটা সেরেছেন আফিফ। ২১ বলে ৪ চার ও এক ছক্কায় ৩৫ রানে অপরাজিত ছিলেন তিনি। জয় থেকে ১০ রান দূরে থাকতে আল-আমিন ও মিজানুর রহমানের উইকেট না হারালে আরো বড় জয়ই পেতে পারত বাংলাদেশ ‘এ’ দল।

আগামীকাল বুধবার একই মাঠে হবে দ্বিতীয় আনঅফিসিয়াল টি-টোয়েন্টি ম্যাচ।