সৌদি প্রিন্সের সঙ্গেযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই কথোপকথনে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের কথা জানান। তবে তিনি সৌদি আরবের সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পরিবর্তে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজের মাধ্যমে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কথা বলেন। এরপর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেন।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক বিশেষ করে প্রতিরক্ষা সহযোগীতা নিয়ে আলোচনা করেছেন। অস্টিন সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। তিনি হুতি বিদ্রোহী কর্তৃক সাম্প্রতিক সময়ের সৌদিতে ড্রোন হামলার নিন্দা জানান এবং রিয়াদের প্রতিরক্ষা নিশ্চিতে ওয়াশিংটন সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেন।

সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়, আমরা সৌদির সঙ্গে ৭০ বছরের নিরাপত্তা অংশীদারিত্বের অঙ্গীকার নিয়ে আলোচনা করেছি। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে কাজ করতে সামনে অগ্রসর হচ্ছি।

প্রতিরক্ষামন্ত্রী অস্টিন ইয়েমেন সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ প্রদান করেন। ওই অঞ্চলে ইরানের হুমকি মোকাবেলায় দুই রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন।

সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সৌদির ডি-ফ্যাক্টো নেতা এবং ৮৫ বছর বয়সী সালমান বিন আব্দুল আজীজের সিংহাসনের উত্তরসূরী মনে করা হয়। ২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে সৌদি নাগরিক ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিক জামাল খাসোগীকে হত্যার পর বিশ্বব্যাপী তিনি নিন্দিত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে তার জামাই জারেদ কুশনারের মাধ্যমে ধারাবাহিক সম্পর্ক রক্ষা করেন।