ইয়েমেনের হুদায়দার পশ্চিম উপকূলে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর তথ্য ও যোগাযোগ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে দেশটির সেনা ও গণবাহিনী। কয়েকটি ড্রোনের সাহায্যে এ হামলা চালানো হয়েছে বলে আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে।
আগ্রাসী বাহিনীর তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর এ অভিযান চালানো হয়। টিভির খবরে বলা হয়েছে, সামরিক তথ্য ও টেলিযোগাযোগ ব্যবস্থার ওপর ড্রোনের আঘাতের ফলে আগ্রাসী বাহিনীর মনোবল আরও দুর্বল হয়ে পড়বে এবং তাদের সংকট বাড়বে।

এদিকে, ইয়েমেনের সেনাবাহিনীর আরেক অভিযানে হুদায়দায় সৌদি জোটের কয়েকজন ভাড়াটে সেনা নিহত হয়েছে। এছাড়া সৌদি জঙ্গিবিমান ভুল করে তাদের ভাড়াটে সেনাদের ওপর বোমা ফেলায় আরও অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে।
২০১৫ সালের মার্চ থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তা মোকাবেলায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ গণবাহিনী। আরকে
