সৌদি আরব এবার নতুন যে কাজে নিয়োগ দিবে নারীদের

সৌদি আরবে কারারক্ষী হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত কারারক্ষী পদে আবেদন করা যাবে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নারী-পুরুষ উভয়ে কারারক্ষী পদে আবেদন করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

পুরুষদের ক্ষেত্রে বয়স ১৭ থেকে ৩০ বছর হতে হবে এবং উচ্চতা ন্যূনতম ১৭০ সেমি। তবে নারীদের ক্ষেত্রে বয়স ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হলেও চলবে। নারীদের উচ্চতা ন্যূনতম ১৬৪ হতে হবে বলে জানানো হয়েছে।

আবেদনকারীদের অবশ্যই জন্মসূত্রে সৌদি নাগরিক হতে হবে এবং সেখানেই বেড়ে উঠতে হবে। সেই সঙ্গে সামরিক বাহিনীতে অতীতে কর্মরত থাকা কিংবা চাকরি থেকে বহিষ্কার হলে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

নারীদের আবেদনের যোগ্যতা মাধ্যমিক পাস। কারারক্ষী হিসেবে নিয়োগের পূর্বে সবাইকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পরে নিজেদের পছন্দ মোতাবেক স্থানে নারীদের নিয়োগ দেওয়া হবে।