শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবে নতুন করে আরো ৭০ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এরফলে সৌদি আরবে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪৪ জনে পৌঁছাল !
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন যে ১১ জন ব্যক্তি সংক্রামিত হয়েছেন তারা মরোক্কো, ভারত, জর্দান, ব্রিটেন, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সুইজারল্যান্ড থেকে এসেছিলেন। আক্রান্তদের সরাসরি বিমানবন্দর থেকেই হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি ৫৮ জন আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন,এদের মধ্যে কেউ কেউ সামাজিক অনুষ্ঠানে যেমন বিবাহ অনুষ্ঠান বা পারিবারিক সমাবেশে যোগ দিয়েছিলেন।
সংক্রামিত ৭০ জনের মধ্যে রিয়াদে ৪৯ জন, জেদ্দায় ১১ জন, মক্কার দুটি, এবং মদিনা, দাম্মাম, ধাহরান, আল বাহা, তাবুক, আল কাতিফ, বিশা ও হাফর আল-বাটিনের একজন রয়েছেন। ৩৪৪ জনের মধ্যে সংক্রামিত দু’জনের অবস্থা গুরুতর এবং বাকি ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বাকিরা এখনও সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সবাইকে করোনা ভাইরাস মোকাবেলায় সতর্ক থাকতে বলা হয়েছে এবং সরকারের বেধে দেওয়া নিয়ম কানুন মেনে চলতে বলা হয়েছে। এর আগে বুধ এবং বৃহস্পতিবারে ২৪ ঘন্টার ব্যবধানে সৌদি আরবে নতুন আরো ১০৩ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল।
আক্রান্তদের মধ্যে (৪৫) জন যুক্তরাজ্য, তুরস্ক, স্পেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইন্দোনেশিয়া এবং ইরাক ভ্রমণ করে সৌদি আরবে প্রবেশ করেছিলেন। এদের মধ্যে ১৯ জন রিয়াদে,২৩ জন পূর্ব প্রদেশে, ১৩ জন জেদ্দায়, ১১ জন মক্কায় এবং একজন আসিরে অবস্থান করছিলেন। সৌদি আরব সরকার ইতিমধ্যেই করোনার বিস্তার রোধে পবিত্র ওমরাহসহ, সকল আন্তর্জাতিক ফ্লাইট,বিনোদন কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বশেষ মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববীসহ সারা দেশে জুম্মা এবং মসজিদে নামাজ আদায় সাময়িক স্থগিত করেছে।
এছাড়া গত রবিবারে সৌদি সরকার সকল সরকারি ও বেসরকারি ব্যাংক ও কোম্পানির সবাইকে ১৬ দিনের জন্য বাসায় থেকে কাজ করার নির্দেশ দেন। করোনা সম্পর্কিত যে কোনও প্রশ্ন এবং অনুসন্ধানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ৯৩৭ এই নম্বরে অবিলম্বে যোগাযোগ করতে বলা হয়েছে।
