বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত ২টা ৩৫ মিনিটে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। মো. শাহজাহানের সঙ্গে থাকা সাবেক ছাত্রদল নেতা আমজাদ চৌধুরী শাহাদাত টেলিফোনে গণমাধ্যমকে জানান, গত ২০ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন মো. শাহজাহান। গত ২৩ অক্টোবর তিনি ওমরাহ পালন করেন। আগামী ২ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল।
দেশে ফেরার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। তার ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি আরও বলেন, নোয়াখালী গুডহিল হাসপাতালের মালিক ডা. আবদুল হাই ও মো. শাহজাহানের বড় মেয়ে ডা. মৌসুমি হাসপাতালে আছেন।
এদিকে, শাহজাহানের একান্ত সচিব রতন জানান, গত রাতে একই সময়ে তার বড় ছেলে সবুজ গলব্লাডারের যন্ত্রণায় কাতর হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। মো. শাহজাহানের পরিবার তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
