সৌদিতে করোনার নতুন থাবা, ১০ মসজিদ বন্ধ

করোনা ভাইরাস মহামারি পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরবের বেশ কিছু মসজিদ ফের বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মী ও বিভিন্ন মসজিদের মুসল্লিগণ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরই সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, অ্যাডভোকেসি অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় (ওজারাত আল-শুন আল-ইসলামিয়া ওয়াল দাওয়াহ ওয়াল ইরশাদ) এ সিদ্ধান্ত নেয়।

গেল শুক্রবার সৌদি আরবের ইসলামিক দাওয়াহ ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ জানিয়েছিলেন, সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লে সাময়িক সময়ের জন্য দেশটির সব মসজিদ বন্ধ করা যেতে পারে।

এদিকে মুসল্লিদের আক্রান্ত হওয়ার খবরে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ১০টি মসজিদ বন্ধ করে দেয়া হযেছে। মন্ত্রী জানিয়েছেন, করোনার সংক্রমণ বাড়লে মসজিদ বন্ধ করতে বিলম্ব করা হবে না।

এরইমধ্যে সৌদি আরবে ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার লোক।