সোফিয়া গার্ডেনে খেলা শুরুর আগে বড় বাধা পেল টাইগাররা

বৃষ্টি যেন পেয়ে বসেছে টিম বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচটি ভালোয় ভালোয় শেষ হলেও তারপর থেকে পিছু নিয়েছে বৃষ্টি। লন্ডনের ওভালের পর এবার কার্ডিফের সোফিয়া গার্ডেনেও বৃষ্টি ভোগাচ্ছে।

আজ সেই সাত সকাল থেকেই মনে হচ্ছিল বৃষ্টি তথা আবহাওয়া ভোগাবে। যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে বৃষ্টির বৈরী আচরণ। কার্ডিফের আকাশে এখন বৃষ্টি জেঁকে বসেছে। সকালের তুলনায় ঝিরঝিরে বৃষ্টি বেড়েছে।

কাল (বৃহস্পতিবার) মোটামুটি ভালই ছিল। আজ ভোর থেকে একটানা বৃষ্টি । সূর্যর দেখা নেই। মেঘের দৌর্দন্ড প্রতাপে ঢাকা পড়েছে সূর্য। কার্ডিফে এখন ঝিরঝিরে বৃষ্টি। সঙ্গে প্রচন্ড ঠান্ডা।

ইংল্যান্ড সোফিয়া গার্ডেনের সেন্টার উইকেটে নেট করতে পারেনি। অবস্থাদৃষ্টে পরিষ্কার বোঝা যাচ্ছে, নিউজিল্যান্ডের সাথে ম্যাচের আগের দিনের মত স্বাগতিক ইংল্যান্ডের সাথে গুরুত্বপূর্ণ খেলার আগের দিনও বাংলাদেশের খোলা আকাশের নিচে প্র্যাকটিস করা হবে না।

বাংলাদেশ দলের টিম হোটেল থেকে মাঠে আসার সময়ও পিছিয়ে গেছে। শুরুতে স্থানীয় সময় দুপুর ১টার দিকে এসে সোয়া ১টায় অফিসিয়াল প্রেস মিটে অংশ নেয়ার কথা ছিল কোচ, ক্যাপ্টেন কিংবা সিনিয়র কোন ক্রিকেটারের। কিন্তু শেষ খবর, বৃষ্টির কারণে সোয়া একটার প্রেস মিট শুরু হবে দুপুর ২টায়।

এদিকে টানা বৃষ্টিতে কার্ডিফের সোফিয়া গার্ডেনের পিচের ক্ষতি হবার সম্ভাবনা নেই। কারণ পিচ কভার ছাড়াও অত্যাধুনিক ও কোটি টাকা মুল্যের ‘হুপার’ কভারে ঢাকা। যেখানে পানি চুইয়ে ভিতরে ঢোকার যেমন সুযোগ নেই, একই ভাবে আর্দ্রতা ঠিক রাখার একটা বিশেষ যন্ত্রও আছে হুপার কভারে। তাই ভাবা হচ্ছে, টানা বৃষ্টিতে সোফিয়া গার্ডেনের পিচের কোন ক্ষতি না হলেও কোথাও কোথাও পানি জমে গেছে।

যদিও কিওরেটররা নিশ্চিত করেছেন, পানি নিষ্কাষণ বা ড্রেনেজ সিষ্টেম বেশ উন্নত ও আধুনিক। তাই মাঠ ও উইকেট তৈরি করতে হয়ত সমস্যা হবে না। তবে আজ (শুক্রবার) বৃষ্টি থামলেও সোফিয়া গার্ডেনের আউটফিল্ড এবং সেন্টার উইকেটে বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং অনুশীলন করার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়।

পরপর দুই খেলার আগের দিন প্র্যাকটিস সেশনে বৃষ্টির বাগড়া! তাতে মূল প্রস্তুতি, লক্ষ্য-পরিকল্পনা হয়তো সেভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তবে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নেয়ার কাজটা না করতে পারায় কিছুটা ঘাটতি তো থেকেই যাবে, তা নিশ্চিত করেই বলা যায়।