বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। কিউইদের ব্যাটিংয়ের সময় বাগড়া দেয় বৃষ্টি। ৪৬.১ ওভারের পর আর খেলা হয়নি। ২২ গজের এই মহারণ আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় আবারও মাঠে গড়াবে। বৃষ্টিস্নাত এই ম্যাচ চলাকালীন ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে কিউইরা। যার জেরে গ্যালারি জুড়েও ছিল ভারতীয় সমর্থকদের তুমুল উন্মাদনা। এর মাঝেই ঘটে অনাকাঙ্খিত এক ঘটনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ‘পাঞ্জাব রেফারেন্ডাম ২০২০’ লেখা টি-শার্টে রাজনৈতিক বার্তা বহন করে নিয়ে আসেন শিখ সম্প্রদায়ের গুটি কয়েক লোক। সেইসঙ্গে স্লোগানও তোলে তারা। এসময় এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয় চাঞ্চল্য। শিখদের এমন আচরণে চমকে ওঠে পুরো ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম। খবর পেয়ে শিখ সম্প্রদায়ের ওই চার ভারতীয় দর্শককে স্টেডিয়ামে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা তাদের তাৎক্ষণিকভাবে গ্যালারি থেকে বাইরে বের করে দেয়। পরবর্তী সময়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ৩০ জুন বার্মিংহ্যামে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড ম্যাচের দিনেও স্টেডিয়ামে গোলযোগের চেষ্টা করেছিল। সেদিনও নিরাপত্তারক্ষীরা তাদের স্টেডিয়ামে বেশিক্ষণ থাকতে দেননি। এই ঘটনা নিয়ে বিক্ষোভকারীদের সমর্থনে স্থানীয় আন্দোলনকারীরা বিবৃতিও প্রদান করেছিলেন। শিখদের ওই গোষ্ঠীর পক্ষ থেকে ম্যানচেস্টার পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেছেন পরমজিৎ সিংহ পাম্মা নামের এক ব্যক্তি।
এর আগে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচে ‘জাস্টিস ফর বেলুচিস্তান’ লেখা ব্যানার বিমানে করে আকাশে উড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লিডসের হেডিংলিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কাশ্মীর স্বাধীনের দাবিতে ‘জাস্টিস ফর কাশ্মীর’ লেখা ব্যানার উড়তে দেখা যায়। যার ফলে বিশ্বকাপের নকআউট পর্বে ভেন্যুর আকাশসীমায় বিমান উড়ার ওপর আইসিসির অনুরোধে নিষেধাজ্ঞা জারি করা করেছে যুক্তরাজ্য। এসব ঘটনার পরও গ্যালারিতে স্বাধীন খালিস্তানের দাবি ওঠার ঘটনা আইসিসিকে মূলত চরম বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।
