দোরগোড়ায় কড়া নাড়ছে বড়দিন ও ইংরেজি নতুন বছর (থার্টিফাস্র্ট নাইট) উদযাপন। যেকোনো উৎসব উদযাপন মানেই অতিথি আপ্যায়ন, সঙ্গে জম্পেস খাওয়া-দাওয়া। এই দুটি উৎসবে প্রায় সপ্তাহজুড়েই চলে কেক-কুকিজ-পেস্ট্রি-ব্রাউনিজের আয়োজন। কিন্তু এই মিষ্টি জাতীয় খাবারগুলো প্রিয় হলেও সবার জন্য নয়। বিশেষ করে ডায়াবেটিস আছে যাদের। তাহলে তারা কি উপোস থাকবে! না ডায়াবেটিস রোগীরাও চোখ বুজে খেতে পারবেন ব্রাউনি। চলুন জেনে নেওয়া যাক চিনিমুক্ত ব্রাউনির রেসিপি।
উপকরণ
ময়দা: ৭৫ গ্রাম
বেকিং পাউডার: ১ টেবিল চামচ
কুকিং চকলেট: ২০০ গ্রাম
দুধ: এক বাটি
তেল বা মাখন: ৫০ গ্রাম
কোকোনাট সুগার: ১০০ গ্রাম
ভ্যানিলা এসেন্স: ১০০ মিলি
লবণ: স্বাদ অনুযায়ী
পেস্তা বাদাম বা আখরোট
প্রণালি
প্রথমে ৫০ গ্রাম বাটারের সঙ্গে ২০০ গ্রাম কুকিং চকলেট গলিয়ে নিন। একটি নতুন ও আলাদা বাটিতে ৭-৮ মিনিট ধরে ৩টি ডিম ভালোভাবে বিট করতে হবে। ডিম বিট করার সময় প্রয়োজনমতো লবণ লাগবে। এরপর ওই ডিমের সঙ্গে কোকোনাট সুগার মিশিয়ে ভালোভাবে বিট করুন। আলাদা আর একটি বাটিতে ৭৫ গ্রাম ময়দা, এক চা চামচ বেকিং পাউডার একসঙ্গে মেশান। চকলেট গলে গেলে স্টিম থেকে সরিয়ে ফেলুন এবং কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এরপর এর সঙ্গে ১০০ মিলি. ক্রিম নিয়ে ভালোভাবে নাড়তে থাকুন যতক্ষণ না পুরোপুরি মিশে যাচ্ছে।
এবার এই চকলেট ক্রিম মিক্সচারটি বিট করা ডিমের সাথে নিয়ে পুনরায় বিট করে ভালোভাবে মেশাতে হবে। এখন ডিমের মিক্সচারের সঙ্গে সমভাবে এবং ধীরে ধীরে ময়দা মিশিয়ে ২-৩ মিনিটের জন্য বিট করুন।
শেষে প্রয়োজন অনুযায়ী ক্রাশ করা পেস্তা বাদাম/আখরোট যোগ করে চামচ দিয়ে মিশিয়ে দিন। এখন একটি প্যানে অল্প পরিমাণ বাটার লাগিয়ে নিয়ে, ধীরে ধীরে তাতে মিশ্রণটি ঢেলে দিন এবং ৩৫-৪০ মিনিট এর জন্য প্যানটি ১৭০ ডিগ্রি তাপমাত্রায় পূর্বে হিট করে রাখা ওভেনে রাখুন।
সবশেষে চারকোণা করে কেটে নিয়ে চকলেট সিরাপ দিয়ে পরিবেশ করুন এবং সবাই মিলে উপভোগ করুন মজাদার চকলেট ব্রাউনি।
