সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানে বেশ কয়েকটি হাসপাতাল বিধ্বস্ত

বিদ্রোহীদের হটাতে সিরিয়ার উত্তরাঞ্চলে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারিবাহিনীর অভিযানে বেশ কয়েকটি হাসপাতাল বিধ্বস্ত এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে রাশিয়া জাতিসংঘের এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, সাধারণ মানুষ নয়, সন্ত্রাসীদের প্রতিহত করতেই অভিযান চালাচ্ছে সিরীয় বাহিনী।

অবিলম্বে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি করেছে ইরান। এদিকে ইসরাইল থেকে রাজধানী দামেস্ক লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সিরীয় নিরাপত্তা বাহিনী।

টানা ৩ সপ্তাহের মতো বিদ্রোহীদের এলাকাছাড়া করতে সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সরকারি বাহিনী। কয়েক হাজার সেনা ভারী অস্ত্র আর ট্যাঙ্ক নিয়ে বিদ্রোহী অবস্থানে হামলা চালায়। পাশাপাশি নেওয়া হয় যুদ্ধবিমানের সহায়তা। এতে বেশ কয়েকটি বিদ্রোহী আস্তানা ধ্বংস হয়েছে বলে দাবি আসাদ বাহিনীর।

আসাদ বাহিনীর একজন বলেন, ‘হাউইজ গ্রাম এখন পুরোপুরি সন্ত্রাসীমুক্ত। আমাদের ক্রমাগত অভিযানের কারণে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বিদ্রোহীরা। অভিযানে অনেক বিদ্রোহী নিহত হয়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। আমাদের জনগণকে রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।’

সিরিয়া সঙ্কট নিয়ে আলোচনা করতে শুক্রবার আলোচনায় বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের দাবি, সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারিবাহিনী অভিযানের কারণে সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসাদ বাহিনীর বিরুদ্ধে হাসপাতালে হামলারও অভিযোগ করে তারা।

জাতিসংঘে ব্রিটিশ দূত কেরিন পিয়ার্স বলেন, ‘আমি জানতে চাইবো, হাসপাতালে কারা বিমান হামলা চালিয়েছে? বিদ্রোহীদের কাছে কি অত্যাধুনিক বোমারু বিমান আছে? আমরা জানি ওই অঞ্চলে কেবল সিরিয়া এবং রাশিয়ার বিমানই উড়তে পারে।

তাই এটা পরিষ্কার যে, বিদ্রোহী দমনের নামে তারা সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে’

তবে এমন অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, যথাযথভাবে আন্তর্জাতিক আইন মেনেই ইদলিব এবং হামা প্রদেশে অভিযান চালানো হচ্ছে। এক্ষেত্রে রাশিয়া সিরীয় বাহিনীকে সহায়তা করছে বলেও জানান জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত।

জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভেসেলি নেভেঞ্জিয়া বলেন, ‘রুশ এবং সিরীয় বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

সাধারণ মানুষদের ওপর কেন আমরা হামলা চালাতে যাবো? আমাদের একমাত্র লক্ষ্য বিদ্রোহীদের এলাকা ছাড়া করে সাধারণ মানুষদের তাদের কবল থেকে মুক্ত করা।’

নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার সঙ্গে সুর মিলিয়ে সিরিয়া থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহারের দাবি করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্জি দাবি করেন, কেবলমাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে সিরীয় এবং রুশ বাহিনীকে সহায়তা করছে তেহরান।

এদিকে দামেস্কে আবারো মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল। তবে সিরীয় কর্তৃপক্ষের দাবি,

ইসরাইল ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানার আগেই প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে এ বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল।