চান্দিকার হঠাৎ বিদায়ে জাতীয় দলের একাধিক ক্রিকেটার খুশি হয়েছিলেন বটে, কিন্তু দীর্ঘ মেয়াদে বিপদে পড়ে যায় বাংলাদেশ। নতুন কোচ নিয়োগ দিতে কেটে যায় প্রায় এক বছর। ওই রকম বিপদে ফেলে যাওয়া চান্দিকা হাথুরুসিংহে আবার দৃশ্যপটে এবং বাংলাদেশ দলের সঙ্গে একটা ছোট্ট সম্পৃক্ততার কারণেই।
দুদিন আগে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। সিরিজ জিতে হোটেলে ফেরার পর তামিমরা যখন ক্লান্তি ঝেড়ে ফেলার আড্ডায় মশগুল, তখনই তার ফোনে বেজে উঠে এসএমএস রিংটোন।
কিছুক্ষণের মধ্যে দলের সবাই জেনে যান, এসএমএসটা পাঠিয়েছেন তাদেরই সাবেক গুরু। তা ফেলে যাওয়া দলকে কী বললেন চান্দিকা? তামিম জানালেন, চান্দিকা লিখেছেন, ‘অভিনন্দন চ্যাম্পিয়ন। দলের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দিয়ো।’
চান্দিকা যাওয়ার পর বাংলাদেশ বিপদে পড়েছিলো ঠিকই। কিন্তু আবার সাফল্যের মসৃণ ও আনন্দমাখা পথও ধরা দিয়েছে। তামিমরা কঠিন ধাক্কা সামলেও খুঁজে নিয়েছেন সাফল্যের ঠিকানা। সুতরাং চান্দিকা কিভাবে তাদের ফেলে গিয়েছিলেন, এতোদিনে নিশ্চয় তামিমদের তা মনে রাখার কোনো কারণ নেই। সে হিসেবে চান্দিকার অভিনন্দন তামিম-সাকিবদের আরো চাঙ্গাই করার কথা।
