জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে জনপ্রিয়তার পাশাপাশি এখন হলিউডেও ছড়িয়ে পড়েছে তার খ্যাতি। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ, বেওয়াচ সিনেমার কারণে তিনি এখন আন্তর্জাতিকভাবে বেশ পরিচিত মুখ।
বলিউডে ২০১৬ সালে জয় গঙ্গাজল সিনেমায় সর্বশেষ দেখা গেছে প্রিয়াঙ্কাকে। প্রায় দুই বছর বিরতির পর আবারো বলিউড সিনেমায় ফিরছেন তিনি। একাধিক সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন। এর মধ্যে সোনালি বোস পরিচালিত দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমার জন্য লভ্যাংশ দাবি করেছেন প্রিয়াঙ্কা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সিনেমাটিতে প্রিয়াঙ্কার লভ্যাংশ কত হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে। আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেয়ার আগে আলোচনার মাধ্যমে এটি নির্ধারণ করবেন নির্মাতারা। এতে আরো অভিনয় করবেন ফারহান আখতার ও জাইরা ওয়াসিম।
একটি সূত্রের দেয়া তথ্যমতে, সোনালি বোস তার সিনেমাটি প্রিয়াঙ্কা চোপড়া ও জাইরা ওয়াসিমের ওপর নির্ভর করে নির্মাণ করতে চাইছেন। এতে জাইরা প্রিয়াঙ্কার মেয়ের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির জন্য তিনি তার স্বাভাবিক পারিশ্রমিক দাবি করতে পারবেন না প্রিয়াঙ্কা খুব ভালো করেই তা বুঝতে পেরেছেন। কারণ এতে বাজেটের স্বল্পতার জন্য সিনেমাটির কাজ বন্ধ হয়ে যেতে পারে। তারই পরিপ্রেক্ষিতে সিনেমার লভ্যাংশ দাবি করেছেন প্রিয়াঙ্কা।
বলিউডের প্রথম সারির অনেক অভিনেতাই সিনেমার লভ্যাংশ নিয়ে কাজ করে থাকেন। তবে অভিনেত্রীদের ক্ষেত্রে তেমনটা সচরাচর দেখা যায় না। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে বলিউড সিনেমায় লভ্যাংশ নেয়া প্রথম অভিনেত্রী হবেন প্রিয়াঙ্কা।
