সাড়া পাচ্ছেন মম

লাক্স তারকা জাকিয়া বারী মমকে সচরাচর বিজ্ঞাপনচিত্রে দেখা যায় না। সর্বশেষ লাক্সের দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন এই তারকা। এর বাইরে কিছুদিন আগে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন মম। ৩ জুন থেকে দেশের প্রায় সবগুলো চ্যানেলে এর প্রচার শুরু হয়েছে। রাসেল শিকদার নির্দেশিত গুড়া মসলার একটি বিজ্ঞাপনে কাজের জন্য অল্প সময়েই দর্শকদের সাড়া পেতে শুরু করেছেন মম। তিনি জানান, বিজ্ঞাপনটির প্রচারের প্রথমদিন থেকেই একজন মডেল হিসেবে প্রাণবন্ত অভিনয়ের জন্য ফেসবুক, মুঠোফোন, সরাসরি দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন মম। পাশাপাশি শুটিং লোকেশনে সহশিল্পীদের কাছ থেকেও ভালো সাড়া মিলছে তার। মম বলেন, ‘নতুন এই বিজ্ঞাপনটির জন্য এতো সাড়া পাবো আমি ভাবতেও পারিনি। যেখানে প্রতিদিন আমাকে স্বাভাবিকভাবে যতোগুলো কল রিসিভ করতে হয়, সেখানে এখন এর বহুগুণ কল রিসিভ করতে হচ্ছে এই বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে। ফেসবুকে তো সাড়া পাচ্ছিই। শুটিং করছি যেখানে, সেখানেও সহশিল্পীরা অনুপ্রেরণা দিচ্ছেন। একটি বিজ্ঞাপনের জন্য এই যে সবার কাছ থেকে উৎসাহ, অনুপ্রেরণা পাচ্ছি এটা যে কতোটা ভালোলাগার তা একদমই ভাষায় প্রকাশের নয়। আমি সত্যিই সবার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ দিতেই হয় নির্মাতা রাসেল শিকদারকে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।’ এদিকে নাটক ও চলচ্চিত্রেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মম। নির্মাতাদের কাছে এই সময়ের একজন নির্ভরযোগ্য অভিনেত্রী তিনি। তাই মমও প্রতিনিয়ত চেষ্টা করেন নিজের অভিনয়কে আরো সমৃদ্ধ করতে, নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্রে নিজের মেধাকে কাজে লাগিয়ে যথাযথভাবে অভিনয় করার। এ কারণে তার অভিনীত বেশিরভাগ কাজই তাকে আলোচিত করে। মম এখন ঈদের নাটকের কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি মুক্তি পাওয়া অরুন চৌধুরীর ‘আলতাবানু’ চলচ্চিত্রে আলতা চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়।