সালাহ ‘শূকর’, মাকে জড়িয়ে হুমকি

ঘটনার সূত্রপাত বিশ্বকাপের আগে থেকেই। রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে সালাহ’র ছবি কাজে লাগিয়ে বানিজ্যিক ফয়দা লুটে মিশর ফুটবল ফেডারেশন। আর তাতে বেশ ক্ষিপ্ত হয়ে বোর্ডের সমালোচনা করেন তিনি। ফলে লিভারপুল তারকা ও তার মাকে হুমকি দিয়ে বসে মিশর ফুটবল ফেডারেশনের এক উচ্চপদস্থ কর্মকর্তা।

টেলিকমিউনিকেশন সংস্থা ভোডাফোনের সঙ্গে ‘মাল্টি-মিলিয়ন’ ডলার চুক্তি আছে সালাহর। কিন্তু রাশিয়া বিশ্বকাপের আগে মিশরের ক্যাম্প চলাকালীন সময়ে সালাহর অনুমতি না নিয়েই তার ছবি ব্যবহার করেছিল ভোডাফোনের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘উইয়ি’। প্রতিষ্ঠানটির সঙ্গে আবার চুক্তি আছে মিশর ফুটবল ফেডারেশনের। তাই সরাসরি ফেডারেশনেরই সমালোচনা করেন সালাহ।

সালাহর সেই সমালোচনা মোটেও ভালোভাবে নেই মিশন ফুটবল ফেডারেশন। উল্টো তার মাকে জড়িয়ে খালেদ লতিফ নামে এক কর্মকর্তা হুমকি দিয়ে বসেন। তিনি তার টুইটার একাউন্টে লিখেছেন, ‘আমি সালাহকে মনে করিয়ে দিতে চাই যে তোমার মা কিন্তু এখনও মিশরেই থাকেন। তুমি দেশের বাইরে থেকে যা ইচ্ছা করতে পারো। যার বোঝার সে কিন্তু ঠিকই বুঝে নিয়েছে।’

এখানেই শেষ নয়। এর আগে মাগধি আব্দুলঘানি নামে ফেডারেশনের আরেক উচ্চপদস্থ কর্মকর্তা সালাহকে তুলনা করেছিলেন শূকরের সঙ্গে।