সালাহ-মানে হারিয়ে দিল ম্যানসিটিকে

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার সিটির। প্রথম ম্যাচে পেপ গার্দিওলার দল ১-০ গোলে হেরে যায় বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে বুধবার রাতেও জয় পায়নি তারা। লিভারপুলের বিপক্ষে হার মেনেছে ২-১ ব্যবধানে। লিভারপুলের হয়ে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও সাদিও মানে।

অবশ্য লিভারপুলের বিপক্ষে প্রথমে লিড নিয়েছিল সিটি। সেটাও ম্যাচের ৫৭ মিনিটে। এ সময় লিরয় সানে গোল করে এগিয়ে নেন স্কাই ব্লুজদের। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেননি মোহাম্মদ সালাহ। ৬৩ মিনিটে মাথায় লিভারপুলকে সমতায় ফেরান মিশরীয় তারকা সালাহ। এ সময় রাফায়েলের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে হেড দিয়ে জালে জড়ান। ১-১ গোলের সমতা নিয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়। মাঠে উপস্থিত ৫৩ হাজার দর্শক ধরেই নিয়েছিল ম্যাচটি ড্র হতে যাচ্ছে। কিন্তু তাদের অবাক করে দিয়ে ম্যাচের যোগ করা সময়ে জয় তুলে নেয় লিভারপুল।

ম্যাচের ৯০+৪ মিনিটের সময় ডি বক্সের মধ্যে ডমিনিক সোলানকেকে মারাত্মক ফাউল করেন ম্যানসিটির বার্নার্ড সিলভা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে জয় উপহার দেন সাদিও মানে।

অবশ্য ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের প্রথম ম্যাচে হেরেছিল লিভারপুল। তাদের ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। ২৯ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। আর ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের।