সালমানের স্টাইল আইকন কমল হাসান

তাঁর অতুলনীয় ফ্যাশন সেন্সের জন্য ভক্তরা তাঁর ভীষণ অনুরাগী। অনেকে প্রকাশ্যেই তাঁর ফ্যাশন সেন্সের প্রশংসা করেন। তবে, কেউ কী জানেন, বলিউড ভাইজান সালমান খান কাকে অনুকরণ করেন বা কে তাঁর ফ্যাশন আইকন।

সম্প্রতি রিয়েলিটি টিভি শো ‘দশ কা দম’ সঞ্চালনা করছেন সালমান খান। আর এরই একটি পর্বে এসে তাঁর ফ্যাশন আইকনের সাথে পরিচয় করিয়ে দেন সালমান। তিনি আর কেউ নন, দক্ষিণের সুপারস্টার কমল হাসান।

নিজের আপকামিং ছবি ‘বিশ্বরূপ ২’-এর প্রমোশনে ‘দম কা দম’-এর সেটে হাজির হয়েছিলেন এই সাউথ সুপারস্টার। আর তখনই তাঁকে নিজের স্টাইল আইকন বলে স্বীকার করে নেন বলিউডের অন্যতম প্রভাবশালী মহাতারকা সালমান খান।

একটি সূত্র জানায়, সালমান বলেন, কমল হাসান অনেক দিন ধরেই তাঁর স্টাইল আইকন। ১৯৮১ সালে কমলের ছবি ‘এক দুজে কে লিয়ে’তে একটি বিশেষ দৃশ্যে শার্টের হাতা গোটানো দেখার পর থেকেই তিনি তাঁর ভক্ত, তাঁর স্টাইলের ভক্ত। সালমানও এখনো শার্ট পরা বা খোলার ক্ষেত্রে একই উপায় অবলম্বন করে থাকেন বলেও জানান।