বলিউডের সুপারস্টার সালমান খান। ক্যারিয়ারে অসংখ্য সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। ভক্তরাও অপেক্ষায় থাকেন কবে প্রিয় ভাইজানের ছবি মুক্তি পাবে। এমন একজন সুপারস্টারের বেশ কয়েকটি ছবি আজও আলোর মুখ দেখেনি।
ক্যারিয়ারের শুরু থেকে এবং পরবর্তী কালেও নানান কারণে আটকে গেছে তার বহু ছবি। আজ জেনে নিন বলিউডের এ তারকার মুক্তি না পাওয়া ছবিগুলো নিয়ে প্রতিবেদন।
১. রণক্ষেত্র:
এ ছবিটির পরেও আর একটি ছবির কাজ শুরু করেছিলেন সালমান-ভাগ্যশ্রী জুটি। সে ছবির নাম ‘রণক্ষেত্র’। কিন্তু সেই ছবি আর মুক্তি পায়নি। কারণ মাঝপথে বিয়ে করে ফেলেন ভাগ্যশ্রী। আর যার কারণে ছবির শুটিংও পিছিয়ে যাচ্ছিল দিনের পর দিন। পরে আর ছবিটির শুটিং হয়নি।
২. ঘেরাও:
‘ঘেরাও’ নামক আরো একটি ছবির কাজেও হাত দিয়েছিলেন সালমান খান। কিন্তু শুভ মহরতের পরেই বন্ধ হয়ে যায় এই ছবির কাজ। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করার কথা ছিল মনীষা কৈরালার। যদিও কেন এই ছবির শুটিং বন্ধ করতে হল তা কখনও খোলসা করেননি সালমান।
৩. অ্যায় মেরে দোস্ত:
এ ছবিতেও অভিনয় করার কথা ছিল সালমান খানের। দিব্যা ভারতী, কারিশমা কাপুর, আরবাজ খানের সঙ্গে সালমানেরও থাকার কথা ছিল। কিন্তু ডেটের সমস্যার কারণেই সালমানকে পিছিয়ে আসতে হয়। ছবিটিও আর তৈরি হয়নি।
৪. বুলন্দ:
এ ছবিটির বেশির ভাগ অংশেরই শুটিং করে ফেলেছিলেন সোমি আলি এবং সালমান খান। কিন্তু পরবর্তী কালে বন্ধ হয়ে যায় শুটিং। কেন বন্ধ হয়ে যায় এই ছবি তার কারণ অবশ্য জানানো হয়নি। তবে গুজব রটে, সালমান আর সোমি আলি দু’জনে ডেট করছিলেন সেই সময়ে।
৫. রাজু রাজা রাম:
ডেভিড ধাওয়ানের সঙ্গে সালমানের জুটি দর্শকমহলে খুবই প্রশংসিত। তবে এই জুটিরই একটি ছবি মুক্তি পায়নি। ‘রাজু রাজা রাম’ নামের সেই ছবিতে সালমানের সঙ্গেই দেখা যেত গোবিন্দ এবং জ্যাকি শ্রফকে। কিন্তু বাজেটের সমস্যার কারণেই শেষ পর্যন্ত আর ছবিটি তৈরি হয়নি।
৬. জলওয়া:
সালামনের এই ছবিটিও মুক্তি পায়নি। এই ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করার কথা ছিল সঞ্জয় দত্ত এবং আরমান কোহালির। শোনা যায়, পরিচালকের সঙ্গে প্রযোজকের দ্বন্দ্বের কারণেই আর মুক্তি পায়নি ছবিটি।
৭. দশ:
মুকুল আনন্দ পরিচালিত ‘দশ’ ছবিটির কাজে হাত দিয়েছিলে সালমান খান। সালমানের সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন। ছবির একটি গান মুক্তি পেয়েছিল। সুপারহিট সেই গানটি হল ‘সুনো গউর সে দুনিয়ায়ালে’। কিন্তু শুটিং চলাকালীন মৃত্যু হয় ছবির পরিচালক মুকুল আনন্দের। আর তার কারণেই বন্ধ হয়ে যায় ছবিটি।
