সালমানের জন্যই সেরে উঠলেন পূজা

এ বছরের শুরুর দিকে ‘বীরগতি’ অভিনেত্রী পূজা দাদওয়ালের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। সেসময় জানা যায়, মুম্বাইয়ে সেউরি টিবি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অথচ, চিকিৎসা করানোর মতো টাকা তার কাছে নেই বলে জানা যায়।

সেসময় তিনি জানান, চিকিৎসার জন্য সালমানের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তিনি যোগাযোগ করে উঠতে পারছেন না। খবর পৌঁছতে সালমানের উদ্দেশ্যে একটি ভিডিও করেছিলেন সালমানের এ সহ-অভিনেত্রী। খবরটি সালমানের কানে যেতেই তিনি পূজার চিকিৎসার জন্য টাকা পাঠান। পূজার পাশে দাঁড়ান ভোজপুরী অভিনেতা রবি কিষণও। সকলের সাহায্যে অবশেষে সুস্থ হয়ে উঠেছেন পূজা।

মুম্বাই মিরর সূত্রে খবর, মঙ্গলবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পূজাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি ভাষায় প্রকাশ করতে পারব না আমার কেমন লাগছে। গত মার্চ মাসের ২ তারিখ আমি যখন হাসপাতালে ভর্তি হলাম, তখন আমি ভেবেছিলাম আমি আর বাঁচবো না। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে ক্রমাগত আরও বেশি করে মানসিকভাবে ভেঙে পড়ছিলাম আমি।

আমার পরিবার ও বন্ধুরা সকলেই আমায় ছেড়ে চলেগিয়েছিল। আমার শ্বাসযন্ত্র ক্রমাগত বিকল হয়ে পড়েছিল। চিকিৎসকরাও আশা ছেড়ে দিয়েছিল। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে আমি দেখছিলাম যে অনেকেই আমার মতো একা, অনেককেই এভাবে তার আত্মীয়, কাছের মানুষরা ছেড়ে চলে গিয়েছে। তারপরই আমি ভাবলাম এভাবে সব শেষ হয়ে যেতে পারে না, আমি লড়ব।

সালমানকে নিয়ে পূজা বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ। ও যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে সাহায্য করেছে আমি তা ভুলব না। আমার পোশাক, ওষুধ, খাবার সবকিছুরই ব্যবস্থা ও করে দিয়েছে। সালমানের বিশেষ স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সবসময় টাকা পাঠানো হয়েছে। আমি বেঁচে আছি, শুধুমাত্র ওর জন্যই। পূজাকে সালমানের ‘বীরগতি’ সিনেমায় অতুল অগ্নিহোত্রী নায়িকা হিসাবে দেখা গিয়েছিল। যে অতুল অগ্নিহোত্রী বর্তমানে সালমানের ভগ্নীপতি।