এক কথায় বলিউড অভিষেকটা রাজকীয় ভাবেই হয়েছে সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের। ক্যারিয়ারের শুরু থেকেই বলিউডের তরুণ প্রজন্মের প্রথম সারির নায়কদের সঙ্গে অভিনয় করছেন।
প্রথম ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ এর শুটিং শেষ করেছেন সাইফ কন্যা সারা আলি খান। এরপর রণবীর সিংয়ের বিপরীতে রোহিত শেঠির পরিচালনার ‘সিম্বা’ তে অভিনয় করছেন সইফ কন্যা। সেই ছবির শুটিং এখনও শেষ হয়নি। এরই মধ্যে সারার হাতে আরও একটি ছবির প্রস্তাব এসেছে বলে জানা গেছে।
বলিউড সূত্রের খবর, ডেভিড ধাওয়ানের পরবর্তী অ্যাকশন-কমেডি ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যেতে পারে সারা আলি খানকে। কিছুদিন আগে মুক্তি প্রাপ্ত ‘ম্যায় তেরা হিরো’ ও ‘জুড়বা-২’-এর সাফল্যের পর আরও একটি সিনেমার রিমেক করার কথা ভাবছেন ডেভিড ধাওয়ান।
নিজের ফ্যামিলি প্রোডাকশনের এই ছবিতে ছেলে বরুণ ধাওয়ানকেই নেওয়ার কথা ভাবছেন পরিচালক ডেভিড। তার বিপরীতে ভাবা হচ্ছে সাইফ-অমৃতা কন্যাকে।
প্রসঙ্গত, ডেভিড ধাওয়ান তার ‘নাম্বর ওয়ান’ ফিল্ম সিরিজের জন্য বেশ বিখ্যাত। যেমন ‘কুলি নং ১’ (১৯৯৫) ‘ ‘হিরো নং ১’ (১৯৯৭), বিবি নং ১’ (১৯৯৮), ‘জোড়ি নং ১’ (২০০০) এবং ‘শাদি নং ১’ (২০০৫)।
