সাবাস সাকিব আল হাসান! ‘আপাতদৃষ্টিতে ভুল মনে হলেও এটাই সঠিক সিদ্ধান্ত’

সাবাস সাকিব আল হাসান!শেষ ওভার কেন মোহর শেখকে দিয়ে করালেন সাকিব? নিউজ ফিড জুড়ে এই তর্কবিতর্ক দেখছি। আপাতদৃষ্টিতে ভুল সিদ্ধান্ত মনে হতে পারে কিন্তু আমার কাছে সঠিক সিদ্ধান্ত।

অনেকদিন আগে তখন মোহাম্মদ আমির চট্টগ্রাম দলে খেলেন, অধিনায়ক তামিম। তামিম বলেছিলেন ডেথ ওভারে তিনি দলের চাহিদা মেটাতে আমিরকে দিয়ে বল করাচ্ছেন কিন্তু তাতে দেশের ক্রিকেটের কোন লাভ কি হচ্ছে? হচ্ছেনা!

আজ দেখেন শেষ ওভারে সাকিব খুব সহজেই রাসেলের হাতে বল দিতে পারতেন, তাতে কি ঢাকার জয় নিশ্চিত হয়ে যেত? রবি ফ্রাইলিংক যেমন ফর্মে রয়েছেন তাতে যে কেউ তার হাতে পিটুনি খেতেন। ৬ বলে ১৬ রান টি-টুয়েন্টির হিসাবে কিছুই না, বেশিরভাগ সময় ব্যাটিং টিম জিতবে, আর যখন ফ্রাইলিংক স্ট্রাইকে তখন দশ বারের ভেতর আট বারই জিতবে।

আবার ঢাকা এখন কোন “ডু অর ডাই” সিচুয়েশনে নেই, কিছুটা বিলাসিতা সাকিব দেখাতেই পারেন তাইনা?

সব মিলিয়ে একজন লোকাল বোলারকে অভিজ্ঞতা অর্জনের জন্য শেষ ওভার করানো কখনোই ভুল সিদ্ধান্ত হতে পারেনা। বিপিএল থেকে না শিখলে আর কিভাবে আর কখন শিখবে? বিপিএল ছাড়া আমাদের আর শেখার জায়গা কই?

হতে পারে মোহর শেখ টানা তিন ছয় খেয়েছেন, কিন্তু আবার এই সিচুয়েশনে পড়লে মোহর হয়তো এইরকম লাইন এবং লেংথে বল করবেননা। অন্য কিছু চেষ্টা করবেন। আর সেটাই হবে বিপিএলের প্রাপ্তি। ভুল থেকেই শিখবেন এই মোহর শেখরা।

আমি শিওর এটা ডু অর ডাই ম্যাচ হলে বা কোয়ালিফায়ার অথবা ফাইনাল হলে সাকিব মোহরের হাতে বল দিতেননা, কখনোই না। শুধু জয় বা পরাজয় না, বিপিএলের তাৎপর্য আরো গভীর, এটা ভুলে গেলে চলবে?

তাই আমি সাকিবের সাহসিকতার প্রশংসা করবো, তার সুদূরপ্রসারী চিন্তাকে শ্রদ্ধা করবো। আর এটাও জানি সাকিব ছাড়া অন্য কোন অধিনায়ক এই উদ্যোগ নিতেন না। কমেন্ট্রি বক্সে বসা ড্যানি মরিসন সাথে সাথেই সাকিবের প্রশংসা করেছিলেন। আমিও তাই বলতে চাই… সাবাস, সাকিব আল হাসান।

লিখেছেন: হুসনাইন আকিফ (ক্রিকসেল)।