সোমবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিস্মরণীয় একটি জয় দিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে বাংলাদেশ।
ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেয়া ৩২২ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৫১ বল হাতে রেখে টপকে যায় মাশরাফি বাহিনী।
তামিম, সাকিবদের এরূপ পারফর্মেন্সের পর টুইটারে তাঁদেরকে অভিনন্দন জানাতে ভোলেননি সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা গাঙ্গুলি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সাবাশ বাংলাদেশ। দারুণ লাগছে দলটিতে এত ভালো খেলোয়াড়দের দেখে। এভাবেই খেলতে থাকো।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট এবং বল হাতে এই ম্যাচে অলরাউন্ড পারফর্মেন্স উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান। এভিন লুইস এবং নিকোলাস পুরানের গুরুত্বপূর্ণ উইকেট দুটি শিকার করার পর ব্যাটিংয়ে নেমে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। তাঁর ব্যাটেই শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
