‘সাফ সুজুকি কাপ’ শুরু মঙ্গলবার

মূল নাম সাফ চ্যাম্পিয়নশিপ। আদর করে যাকে বলা হয় দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ! স্পন্সরপিপের কারণে ২০১৫ সাল থেকে তারই পোশাকি নাম ‘সাফ সুজুকি কাপ’। সাত দল নিয়ে ঢাকায় মঙ্গলবার শুরু হচ্ছে সেই টুর্নামেন্ট।

রোববার বিকেলে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের ট্রফি। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়ে থাকে। কিন্তু এদিন উপস্থিত ছিলেন শুধু বাংলাদেশ ও শ্রীলঙ্কার অধিনায়ক! তাদের সঙ্গে ছিলেন সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং অফিসিয়াল স্পন্সর প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিরা।

সাত দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে ভুটান, নেপাল ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে লড়বে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। মঙ্গলবার উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় মুখোমুখি হবে নেপাল ও পাকিস্তান। সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি সাতবার শিরোপা জিতেছে ভারত। বর্তমান চ্যাম্পিয়নও তারা। বাংলাদেশের ঘরে ট্রফি এসেছে মাত্র একবার। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে প্রায় দেড় দশক, কখনো আর ট্রফি ছুঁয়ে দেখা হয়নি লাল-সবুজের জার্সিধারীদের।

শুধু দেড় দশকের ট্রফিশূন্যতাই নয়, সাফে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা আরো করুণ। সর্বশেষ তিন আসরের কোনোবারই গ্রুপপর্ব পার হতে পারেনি বাংলাদেশ। তিন আসরে মোট ৯ ম্যাচ খেলে জয় মাত্র একটিতে, ড্র দুটি, বাকি ছয়টিই হার।

অথৈ সাগরে তলিয়ে যেতে থাকা বাংলাদেশের ফুটবলে অবশ্য হঠাৎ আলোর ঝলকানি হয়ে এসেছে এশিয়ান গেমসের পারফরম্যান্স। যেখানে ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রায় একশ ধাপ এগিয়ে থাকা কাতারকে হারিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো খেলেছে দ্বিতীয় রাউন্ডে। সেই সাফল্য সাফে বাংলাদেশকে কিছুটা হলেও এগিয়ে রাখবে। এখন শুধু ২০০৩ সালের পুনরাবৃত্তি হলেই হয়!