রাজশাহীর কিশোর সানি (১৭) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ৫-এর দুটি অভিযানিক দল ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে সানি হত্যার দুই নম্বর আসামি রাহিম (২০) ও চার নম্বর আসামি শাহিকে (২১) গ্রেফতার করে।
গ্রেফতার রাহিম হেতেমখাঁ সবজিপাড়ার মৃত সোহেলের ছেলে। অন্যদিকে শাহি একই এলাকার শফিকের ছেলে। র্যাব ৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্র জানায়, ৩ জুলাই রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম পাখির ছেলে কিশোর সানিকে অপহরণ করে আসামিরা। সেখান থেকে নিজ এলাকা হেতেমখাঁ সাহাজীপাড়ার একটি সড়কের ওপর প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে চলে যায়।
এদিকে সানি হত্যাকাণ্ড ঘটিয়ে সন্ত্রাসীরা বিভিন্ন পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। কিন্তু র্যাবের কঠোর নজরদারির কারণে ব্যর্থ হয়ে তারা বিভিন্ন পরিবহণযোগে ঢাকা ও নারায়ণগঞ্জে গিয়ে আত্মগোপন করে।
র্যাবের অভিযানিক দলটি বুধবার গভীর রাতে ঢাকার শ্যামলীর একটি বাড়ি থেকে প্রথমে রাহিমকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের একটি বাড়ি থেকে শাহিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা সানি হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী মামুনের ছেলে মঈন ও ওরফে আন্নাফকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব জানিয়েছেন। গ্রেফতারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার দুপুরে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ সূত্রে আরও জানা যায়, সানি হত্যায় জড়িতরা একটি দুর্ধর্ষ কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী। নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই ছিল তাদের মূল পেশা। চাঁদাবাজি ও ছিনতাই ঘটনায় বাধাদান করায় সানিকে তারা হত্যা করে।
এদিকে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রাহিম ও শাহিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
