আগামী ঈদের একটি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার জাকিয়া বারী মম ও গুণী অভিনেতা আহসান হাবিব নাসিম। সুমন আনোয়ারের রচনা ও নির্দেশনায় নির্মিত এ নাটকটির শিরোনাম ‘সাদা ফুল’। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন, ‘সুমন আনোয়ারের নির্দেশনায় এর আগেও আমি অনেক নাটকে অভিনয় করেছি। সুমন খুব ভালো একজন নাট্যরচয়িতা, পাশাপাশি খুব মেধাবী একজন নির্মাতা। আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি তার নির্দেশনায় কাজ করতে। সুমন সবসময়ই ভীষণ যতœ নিয়ে ধীরে ধীরে সময় নিয়ে কাজ করে। যে কারণে তার প্রতিটি কাজই দর্শকের কাছে অন্যরকম গ্রহণযোগ্যতা পায়। মম নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। তার সঙ্গে এই কাজটি আমি বেশ উপভোগ করেছি। আশা করছি সাদা ফুল দর্শকের ভালো লাগবে।’ জাকিয়া বারী মম বলেন, ‘আমাদের সৌভাগ্য যে আমরা আহসান হাবিব নাসিম ভাইয়ের মতো একজন আপাদমস্তক ভালো মানুষকে অভিনয় শিল্পী সংঘ’র সাধারণ সম্পাদক হিসেবে পেয়েছি। একজন সহশিল্পী হিসেবেও নাসিম ভাই ভীষণ সহযোগিতাপরায়ণ। নির্মাতা হিসেবে সুমন ভাই এককথায় অসাধারণ। এই ধরনের গুণী নির্মাতার সঙ্গে কাজ একজন শিল্পীকে সত্যিকারের শিল্পীতে পরিণত করতে অনেক সাহায্য করে। সাদা ফুল আশা করছি দর্শকের কাছে বেশ উপভোগ্য একটি নাটক হবে।’ এদিকে মম এরইমধ্যে ইন্দোনেশিয়ার বালি থেকে ফিরে তাসলিমা মুক্তার নির্দেশনায় আরো একটি ঈদ নাটকের শুটিং শুরু করেছেন। আগামী ঈদের জন্য তিনি টানা বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মের কাজে ব্যস্ত থাকবেন।
