সাঙ্গাকারাকে বাংলাদেশ দলের কোচ হওয়ার প্রস্তাব

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ও বিদায় নিয়ে এখনো ইংল্যান্ডে চলছে নানা আলোচনা। সেই আলোচনায় যোগ দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তী কুমার সাঙ্গাকারা।

কেমন হলো বাংলাদেশ দলের ইংল্যান্ড বিশ্বকাপ? বিশ্বকাপের দুই সেমিফাইনাল শেষে এক বাংলাদেশি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাঙ্গাকারা বলেন, ‘আমার মনে হয়েছে বাংলাদেশ দলকে আরো ধৈর্য্যশীল হতে হবে ওয়ানডে ক্রিকেটে।

উন্নতির শেষ নেই, কেউ বলতে পারবে না আমি সব উন্নতি করে ফেলেছি। যখন দল ভালো করে তখন দায়িত্ব আরো বেড়ে যায়। তাই বলছি সামনে এগিয়ে যেতে ধৈর্য্য ধরতেই হবে। সেই সঙ্গে নিজেদের কাজগুলোও সঠিকভাবে করতে হবে। সবেচেয়ে বড় কথা হলো, ক্রিকেটে যা চলে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। তাকাতে হবে সামনে।’

তবে বাংলাদেশ নিয়ে কথা বললেও নিজ দেশ শ্রীলঙ্কা নিয়ে প্রশ্ন করা যাবে না বলেই জানিয়ে দিলেন লঙ্কান এই গ্রেট। তিনি বলেন, ‘আমি আসলে এই মুহূর্তে শ্রীলঙ্কা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার বলা উচিত হবে কিনা জানি না। তাই শ্রীলঙ্কার বিষয়ে কিছু জানতে না চাইলেই আমি খুশি হবো।’

প্রশ্ন ছুড়ে দেয়া হলো বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও সবশেষ ভারতের বিদায়ে কতটা রং হারিয়েছে বিশ্বকাপ? সাঙ্গাকারা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিষণ্ন। তবে ক্রিকেট এমনই। হ্যা, কোনো একটি দল যদি টিকে থাকতো তাহলে ভালো লাগতো।’

বাংলাদেশের কোচ ছিলেন লঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। ওয়ানডে বিশ্বকাপের দেড় বছর আগে তার বিদায় হয়েছে বেশ বাজেভাবেই। এরপর এলেন স্টিভ রোডস। বিশ্বকাপ শেষে তার বিদায়টাও ভালো হয়নি। যদি সাঙ্গাকারা বাংলাদেশ দলের কোচের প্রস্তাব পান তাহলে ভাববেন কিনা!

প্রশ্ন শুনেই হেসে উঠলেন, বলেন, ‘অনেক কঠিন প্রশ্ন, আমি আপাতত যা ভাবছি তা বললে তুমি হতাশ হবে। হ্যা, কোচ হলো বাংলাদেশের বিষয়, তারা জানে কাকে আনতে হবে আর কাকে আনবেনা। তবে বাংলাদেশের ভালো হয় এমন কিছুই চিন্তা করবে বিসিবি।’

আরো কথা বলার সুযোগটা ছিনিয়ে নিলেন আইসিসির মিডিয়া ম্যানেজার। দ্রুত এসে হাসতে হাসতে বলেন, বিনা রেকর্ডেও ইন্টারভিউ চলবে না। কথা শুনে সাঙ্গাকারাও হেসে বিদায় নিয়ে বলেন, ‘আমি দুঃখিত, হয়তো তোমার প্রশ্নের সঠিক জবাবগুলো দিতে পারিনি।’