৩১ সেকেন্ডের একটি বিজ্ঞাপন। যেখানে দেখা যাচ্ছে, ব্যাট হাতে প্রস্তুত সাকিব আল হাসান। এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্ষুদে এক সমর্থক; যার গায়ে ডোরাকাটা বাঘের রং করা। হাত উঁচিয়ে চিৎকার করে বলতে থাকে, ‘খেলবে টাইগার, জিতবে টাইগার।’
পেছনে তার মা দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। একটু পর দেখা যায়, বল করছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের বলে স্টাম্প ভেঙে যায়। এ সময় আবারও হাত উঁচিয়ে ক্ষুদে সমর্থকটি বলতে থাকে, ‘খেলবে টাইগার, জিতবে টাইগার।’
বিজ্ঞাপনের মাঝামাঝি দিকে দেখা যায়, হাঁচি দিচ্ছে ওই ক্ষুদে সমর্থকটি। যা দেখে মা বলে ওঠে, ‘চলো চলো বাসায় চলো, অসুখ করতে পারে।’ এ সময় ওই ক্ষুদে সমর্থকদের দিকে এগিয়ে আসেন সাকিব আল হাসান-তাসকিন আহমেদ-রুবেল হোসেন ও সাব্বির রহমান।
কাছে এসে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেন, ‘টাইগার ফ্যানদের চাই টাইগারদের মতো সুরক্ষা।’ এই বলে ক্ষুদে সমর্থকের হাতে তুলে দেন লাইফবয় স্ট্রং। আর বলেন, ‘এই নাও লাইফবয় স্ট্রং’। বিজ্ঞাপনটি প্রকাশ পাওয়ার পর থেকে প্রশংসা কুড়াচ্ছে। ইতোমধ্যে ক্রিকেট ভক্তরা বিজ্ঞাপনটি শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপনটি শুট করা হয়েছিল চলতি বছরের মার্চে। হোম অব ক্রিকেটখ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বিজ্ঞাপনটি চিত্রিত হয়।
মেয়াদের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি ছিন্ন করেছ রবি। পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয় ইউনিলিভার। বহুজাতিক এই কোম্পানির সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। এশিয়া কাপ দিয়ে নতুন এই স্পন্সর যাত্রা শুরু করে দুবাইয়ে।
চুক্তি অনুযায়ী ইউনিলিভার পণ্য লাইফবয় সঙ্গী হিসেবে থাকবে বাংলাদেশ দলের জার্সিতে। একই সঙ্গে মেয়েদের দল, বাংলাদেশ ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও থাকবে লাইফবয়। ২০১৯ বিশ্বকাপেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সিতে থাকছে লাইফবয়। বাম হাতের পাশে গোল করে থাকছে লাইফবয়ের লোগো।
