‘সাংবাদিকদের জনগণের শত্রু বলবেন না’

সাংবাদিকদের অব্যাহতভাবে ‘জনগণের শত্রু’ হিসেবে আখ্যায়িত না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রকাশক। তিনি বলেন, এটা সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘সহিংসতার পথে’ যেতে পারে।

নিউইয়র্ক টাইমসের প্রকাশক এজি সালজবার্গের সঙ্গে ‘অপ্রকাশিতব্য’ বৈঠক নিয়ে ট্রাম্প সম্প্রতি একটি টুইট করেন। এই টুইটের পর সালজবার্গ তাদের ওই বৈঠকের সব বিষয় প্রকাশ করেন।

ট্রাম্প তার প্রাথমিক টুইটে বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলেছিলেন। কিন্তু পরে তিনি সংবাদমাধ্যমকে তাদের খবরের মাধ্যমে মানুষের জীবন ঝুঁকিতে ফেলার জন্য অভিযুক্ত করেন।

প্রথম টুইটে ট্রাম্প বলেন, ‘‘মিডিয়ার ছেড়ে দেওয়া একরাশ ভুয়া খবর এবং কীভাবে সেই ভুয়া খবর থেকে ‘জনগণের শত্রু’ শব্দসমষ্টি জন্ম নিয়েছে, এগুলো নিয়েই বেশি কথা হয়। দুঃখজনক!’’

এরপর নিউইয়র্ক টাইমস একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, পত্রিকাটি ‘তাদের আলোচনা সম্পর্কে প্রেসিডেন্টের বক্তব্যের জবাব দেওয়ার’ সিদ্ধান্ত নিয়েছে। এতে সালজবার্গ বলেন, প্রেসিডেন্টের ‘গভীরভাবে সমস্যাজনক সংবাদমাধ্যম-বিরোধী বাগাড়ম্বর’ নিয়ে উদ্বেগ প্রকাশের উদ্দেশ্যেই তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন।

সালজবার্গ বলেন, তিনি ট্রাম্পকে জানিয়েছেন ‘ভুয়া খবর’ শব্দসমষ্টিটি ‘অসত্য ও ক্ষতিকর’, তবে তিনি ‘অনেক বেশি উদ্বিগ্ন সাংবাদিকদের ট্রাম্পের ‘জনগণের শত্রু’ বলে আখ্যায়িত করার বিষয়টি নিয়ে।

সালজবার্গ আরো বলেন. ‘আমি সতর্ক করেছি, এই উত্তেজনাকর ভাষা সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি বৃদ্ধিতে ইন্ধন জোগাচ্ছে এবং সহিংসতার জন্ম দেবে।’
তিনি বলেন, এটি জীবনের জন্য ঝুঁকি তৈরি করছে। এটি আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক আদর্শ ক্ষুণ্ণ করছে এবং বাকস্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের প্রতি অঙ্গীকার বিনষ্ট করছে।