সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনায় ৬১৪৮ মৃত্যু

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এটি ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ২৩১ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৫১৩ জন। আর গতকাল বুধবার (৯ জুন) বিশ্বে মৃত্যুর সংখ্যা ছিল ১০ হাজার ১৬৪ জন এবং আক্রান্ত ছিল ৩ লাখ ৫৯ হাজার ১২৭ জন। ফলে আক্রান্ত ও মৃত্যু আবারও বেড়ে গেছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৭৬ হাজার ২৬১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৭৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৯৩৮ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৪৯৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জনের। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৭১ লাখ ২৫ হাজার ৩৫৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৯১ জনের।