সংসার নিয়েও আমি এখন হ্যাপি: অপু বিশ্বাস

শাকিব খানকে বিয়ে করে খুব বেশি ‘সুখ’ পাননি বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস । বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শাকিব খানের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। যে দূরত্ব শেষমেষ রুপ নেয় বিচ্ছেদে।

তবে তারপরেও নাকি সংসার নিয়ে বেশ হ্যাপিই আছেন অপু বিশ্বাস। একথা জানিয়েছেন অপু বিশ্বাস নিজেই। তিনিও এও বলেছেন, ঢালিউডে এখনো তার প্রিয় নায়ক শাকিব খান।

অবশ্য শাকিব ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়ে গেলেও এখন আবার কাছাকাছি হচ্ছেন সাবেক এ তারকা দম্পতি। বিশেষ করে ছেলে আব্রাম খান জয়ের পড়াশোনাসহ নানা কারণে তাদের নিয়মিত যোগাযোগ রাখতে হচ্ছে। বাবা শাকিব খানও ছেলে জয়ের ব্যাপারে খুব সিরিয়াস। আর এটাই এখন অপু বিশ্বাসের হ্যাপি থাকার কারণ।

অপু বিশ্বাস বলেন, ‘আগে যা-ই হোক, এখন শাকিবকে তার সন্তানের জন্য উপযুক্ত বাবা মনে হয়। সন্তানের জন্য সে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে। শাকিব বলে, আমার সন্তানের মানুষ হওয়ার জন্য যা দরকার, তা-ই করব।’

তিনি বলেন, ‘বিবাহবিচ্ছেদ হলে সন্তান মা-বাবাকে একসঙ্গে পায় না। এতে সন্তানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু আমি সেই কাজ করতে চাই না। সন্তানের ওপর এ ধরনের প্রভাব পড়ুক, আমি চাইনি। তাই সন্তানের বিকাশের জন্য যেকোনো কাজে আমরা দুজন একসঙ্গে উপস্থিত হই। আর এটা জরুরিও। আর এ বিষয়ে শাকিবও খুব সহযোগীতা করছে। আমি শাকিবের ওপর খুশি। আর সংসার নিয়েও আমি এখন হ্যাপি।’

অপু বিশ্বাস বলেন, ‘জয়ের বাবা সন্তানের সুখের ব্যাপারে সবকিছুই করতে পারে। সব সময়ই সন্তানের সুখের বিষয়কে প্রাধান্য দেয়। শাকিব যখন স্কুলে ঢুকেছে, তখন তার মধ্যে নায়কোচিত কোনো ব্যাপার ছিল না। জয়ের বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ছিল। পুরো সময়টা খুব আনন্দের মধ্যে কাটিয়েছে। আমার ছেলে তার বাবাকে কাছে পেলে আর সব ভুলে যায়। সন্তান আমার কাছে সব সময় খুবই গুরুত্বপূর্ণ।’

ঢালিউডের জনপ্রিয় এ অভিনেত্রী জানান, ‘ছেলেকে বসুন্ধরা আবাসিক এলাকার আইএসডি স্কুলে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রি-স্কুল শাখায় নিয়মিত যাচ্ছে জয়। গত ১৩ ডিসেম্বর জয়ের স্কুলে একটি অনুষ্ঠান ছিল। সেদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের মা-বাবাকে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে আমি আর শাকিব একসঙ্গে স্কুলে গিয়েছিলাম।’

তিনি বলেন, ‘স্কুল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী সন্তানের সঙ্গে বাবা-মাকেও ম্যাচিং করা পোশাক পরে আসতে হবে। প্রি-স্কুলের শিক্ষার্থীদের বাবা-মায়ের সেই ছবি দেওয়ালে টাঙিয়ে রাখা হবে। শিক্ষার্থীরা যখন ক্লাসে ঢুকবে, তখন তারা বাবা-মায়ের হাসিমুখের সেই ছবিটা দেখবে। তা থেকে বাচ্চারা উৎসাহিত হবে। শিশুদের ‘হ্যাপি মোমেন্ট’ উপহার দেওয়ার জন্যই স্কুল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে গত বছর ১০ এপ্রিল বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু বিশ্বাস। সেদিন প্রথম সবাইকে জানান, তিনি বিবাহিত, তাঁর স্বামী শাকিব খান আর তাঁদের ছেলে আব্রাম খান জয়ের বয়স ছয় মাস।

স্ত্রীর এভাবে জনসমক্ষে সবকিছু প্রকাশ করার ব্যাপারটি সেদিন মেনে নিতে পারেননি দেশের ঢালিউড সুপারষ্টার শাকিব খান। ফলে তাঁদের দাম্পত্য সম্পর্কে তিক্ততা বেড়ে যায়। একসময় তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।