সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন ফখরুল!

একাদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে চমক আসতে পারে। বিরোধী দলীয় চাহিদা কিংবা দাবী অনুযায়ী ডেপুটি স্পিকারের কাঙ্খিত পদটি শেষ পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম পেতে পারেন।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ করেছেন। তবে ডেপুটি স্পিকার পদে যদি আওয়ামী লীগ থেকে কাউকে মনোনয়ন দেয়া না হয় তাহলে ফখরুল ইমামই হচ্ছেন একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার!

৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন শুরুর দিনই জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ এবং হুইপ মনোনীত করা হয়। প্রথম অধিবেশনের দিনই বিগত সংসদের দায়িত্বপ্রাপ্তদের পদ বিলুপ্ত হয়ে যাবে। তবে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরী বহাল থাকছেন এটা নিশ্চিত।

প্রধানমন্ত্রী পীরগঞ্জের নির্বাচনী জনসভায় আগাম ঘোষণা দিয়েছিলেন ড. শিরীন শারমিন চৌধুরীকে নির্বাচিত করা হলে স্পিকার পদে তাকেই বহাল রাখা হবে। সে অনুযায়ী, সে সিদ্ধান্ত এখন বাস্তবায়নের পথে। তবে দশম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে দায়িত্ব পালন করেছেন বর্ষীয়ান নেতা, দক্ষ পার্লামেন্টারিয়ান এডভোকেট ফজলে রাব্বী মিয়া।

ধারণা করা হয়েছিল তিনিই হয়তোবা এ পদে বহাল থাকবেন। কিন্তু প্রধানমন্ত্রীর মনোভাবে বোঝা যাচ্ছে নতুন কাউকে এ পদে আনা হবে। আর সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ থেকে করা হয় তাহলে সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরুর সম্ভাবনাই বেশি।

তবে বিরোধী দলের দাবী কিংবা চাওয়া বিবেচনা করলে জাপার ফখরুল ইমামই হতে পারেন চলতি সংসদের ডেপুটি স্পিকার। গত সংসদে হুইপ হিসেবে তার অভিজ্ঞতাও রয়েছে। তিনি ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা) আসনের দুইবারে সাংসদ।

এ বিষয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বাংলা ইনসাইডারকে বলেন, সংসদীয় রীতি-নীতিতে বিরোধী দলকে মূল্যায়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকল্পে জাতীয় পার্টি সংসদে ডেপুটি স্পিকারের পদটি দাবী করেছে।

তার মতে, এটা অযৌক্তিক কোন দাবী নয়। সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন। সূত্রঃ বাংলা ইনসাইডার