শ্রমিক ভিসায় একসঙ্গে দুবাই যাবেন নিশো-মেহজাবিন!

মিজান ও জবা সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে কোনো এক এজেন্সির মাধ্যমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পেলেন। শ্রমিক ভিসা। এটি পেয়েই বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে গেলেন এই দম্পতি। সঙ্গে পুরো গ্রাম সেই উচ্ছ্বাসের ঢেউয়ে টলমল করে উঠলো।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ঢাকা টু দুবাই’। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। চিত্রনাট্যও তার লেখা। এখানে মিজান ও জবা চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার তুমুল জনপ্রিয় ও দর্শকপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।

ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ। নির্মাতা মহিম বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটি মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনার চেষ্টা করেছি আমরা। যথারীতি চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবিন আপু অসাধারণ অভিনয় করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।

‘ঢাকা টু দুবাই’-এ নিশো-মেহজাবিন ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। নাটকটি প্রযোজনা করছেন সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি জানান, শিগগিরই নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।