শেষ হচ্ছে অপু-বাপ্পীর দীর্ঘ প্রতীক্ষা

২০১৭ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠিয়েছিলেন তার সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খান। নানা অভিযোগের পাশাপাশি সে সময় শাকিব গণমাধ্যমের কাছে দাবি করেন, অপুর ঢালিউডের অন্য এক নায়কের সঙ্গে সম্পর্ক আছে। এরপর বারবারই উঠে আসছিল চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর নাম। যদিও পরে এই নায়ক অপুকে ‘দিদি’ ডাকেন দাবি করে সব গুঞ্জনকে ফুঁ দিয়ে উড়িয়ে দেন।

এর পরের বছর অর্থাৎ ২০১৮ সালে নানা আলোচনা আর গুঞ্জনের মাঝেই অপু বিশ্বাসের সঙ্গে পর্দায় জুটি বাঁধেন বাপ্পী। তাদের নিয়ে ওই বছরের মে মাসের মাঝামাঝি পরিচালক দেবাশীষ বিশ্বাস শুরু করেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির কাজ। এরপর শুটিং শেষে ২০২০ সালের জানুয়ারিতে ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্রও পায়। ঘোষণা হয়েছিল মুক্তির তারিখও।

কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় করোনাভাইরাস। যার কারণে বারবার মুক্তির তারিখ ঘোষণা করে, বারবারই তা বদলাতে হয়। অপেক্ষা বাড়ে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করা অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরীর। অবশেষে তাদের সেই অপেক্ষা শেষ হতে চলেছে। ঘোষণা করা হয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ মুক্তির নতুন তারিখ। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’-এর প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও বেসরকারি চ্যানেল আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান। তিনি বলেন, ‘ভালোবাসা দিবসে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চান, এটি তেমনই একটি রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা। আশা করি দর্শকের প্রত্যাশা শতভাগ পূরণ হবে।’

তিনি আরও জানান, ‘গত বছর আমরা ভালোবাসা দিবসে চলচ্চিত্রটি মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। বর্তমানে সাধারণ মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় আমরা রিলিজের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, দর্শকরা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলে আসবেন এবং ছবিটি উপভোগ করবেন।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’-এ অপু বিশ্বাস এবং বাপ্পী চৌধুরী ছাড়াও আছেন প্রয়াত সাদেক বাচ্চু। এটি তার অভিনীত শেষ সিনেমা। বিভিন্ন চরিত্রে আরও আছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় আছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

এর আগে ২০০০ সালে তখনকার সুপারহিট জুটি রিয়াজ আহমেদ ও শাবনূরকে নিয়ে পরিচালক দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি। সেটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরীকে জুটি বানিয়ে নির্মাণ করলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। একই নামে দুটি সিনেমা হলে সেটাকে সাধারণত সিক্যুয়েল বলে।

কিন্তু ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’কে কোনোভাবেই সিক্যুয়েল বলতে নারাজ দেবাশীষ বিশ্বাস। তার দাবি, ‘এটা কোনো সিক্যুয়াল নয়, রিমেক নয়, এমনকি পুনর্নির্মাণও নয়। এবারের ছবির সঙ্গে আগেরটির গল্পে বিন্দুমাত্র মিল খুঁজে পাবেন না দর্শক। তা ছবিটি দেখলেই বোঝা যাবে।’ এই পরিচালক সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরাধ জানিয়েছেন।