শেষ দিনেও কমলাপুরে টিকিট যুদ্ধ

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এই টিকিট হাতে পাওয়ার আশায় আগের দিন এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকেই। আজ দেওয়া হচ্ছে ১৫ জুনের টিকিট।

কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার আশায় মঙ্গলবার বিকেল থেকেই লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন শত শত মানুষ। তবে সেহরি পর থেকে বাড়তে থাকে টিকিট প্রত্যাশীর সংখ্যা। অন্য দিনের তুলনায় বেড়েছে নারীদের আগমন। সকাল হতে না হতেই কমলাপুর স্টেশনের বাইরে চলে যায় টিকিটের লাইন।

একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন খাদিজা আক্তার, রাত ৩টার দিকে সেহরি খেয়েই চলে এসেছেন টিকিট কিনতে। কমলাপুর এসে তিনি দেখেন, তার আগে আরও কয়েকশ নারী লাইনে দাড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন। বুধবার সকাল ৮ টায় টিকিট দেওয়া শুরু হলেও তাকে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।

এদিকে ভিড় এতটাই বেশি যে, অনেকটা হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এদিকে টিকিট কালোবাজারে যাতে বিক্রি না হয় এজন্য সতর্ক অবস্থায় আছে আইন-শৃংখলা বাহিনী। র‌্যাব-পুলিশের পাশাপাশি রয়েছে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্যরা।

তবে কাউন্টার থেকে ধীর গতিতে টিকিট দিচ্ছে বলে অভিযোগ করেছেন আনেকেই। একটি টিকিট দিতেই তাদের ৮/১০ মিনিট গেলে যাচ্ছে।

এ বিষয়ে স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, টিকিট বিক্রি হচ্ছে সময় বেশি লাগছে এ অভিযোগটি ঠিক নয়। সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। আজকে দেয়া হচ্ছে ১৫ জুনের টিকিট। প্রতি যাত্রীকে চারটি করে টিকিট দেয়া হচ্ছে। ঈদ উপলক্ষে আজকে মোট ২৭ হাজার ৪৬০টি টিকিট বিক্রি হবে। যতক্ষণ কাউন্টারে টিকিট থাকবে ততক্ষণ পর্যন্ত টিকিট বিক্রি হবে।