দেশে গঠিত হতে যাচ্ছে এই প্রথম পেশাদার নারী পপ ব্যান্ড। প্রতিভাবান চার জন সংগীতশিল্পীকে নিয়ে শুরু হচ্ছে এটি। এজন্য প্রতিভাধর তরুণী শিল্পীদের খুঁজে বের করা হবে সারা দেশ থেকে।
এই শিল্পী খোঁজার কাজ শুরু হচ্ছে এ মাস থেকেই সঙ্গীত বিষয়ক রিয়্যালিটি শো ‘সানসিল্ক ডিভাস’ এর মাধ্যমে। শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজকরা এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।
‘এক্সপ্লোর করো তোমার সঙ্গীত প্রতিভা আর হয়ে যাও দেশের প্রথম অল-গার্ল ব্যান্ডের মেম্বার’ এমন বার্তা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘সানসিল্ক ডিভাস’ রিয়্যালিটি শো।
বিশ্বের অন্যতম প্রধান মিউজিক ও এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিবিউশন কোম্পানি সনি ডিএডিসির সহায়তায় ‘সানসিল্ক ডিভাস’ আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় এন্টারটেইনমেন্ট ও এক্সপেরিয়েনশিয়াল ইভেন্টস কোম্পানি ক্রেইন্স লিমিটেড।
ক্রেইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ইউনিভার বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড ‘সানসিল্ক’।
‘সানসিল্ক ডিভাস’ এর সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ হেয়ার কেয়ারের ক্যাটাগরি হেড জাহিন সাজেদুল ইসলাম ও ক্রেইন্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার কাজী ফয়সাল আহমেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন হৃদয় খান, নেমেসিস ব্যান্ডের গায়ক জোহাদ রেজা চৌধুরী, পপ শিল্পী আলিফ আলাউদ্দীন এবং চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি।
আয়োজকরা জানান, প্রত্যেক প্রতিযোগী এককভাবে এই প্রতিযোগিতায় অংশ নেবেন, যাদের মধ্য থেকে চারজনকে বিজয়ী নির্বাচিত করা হবে। আর তাদের নিয়েই গঠন করা হবে দেশের প্রথম অল-গার্ল ব্যান্ড।
প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে www.sunsilkdivas.com এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা লগ-ইন করতে হবে Sunsilk Hair Expert BD এর ফেসবুক পেজে।
আগামী ১৬ অগাস্ট থেকে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হবে। প্রতিযোগীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে।
কাজী ফায়সাল আহমেদ জানান, বিজয়ী চারজনের পুরো ব্যান্ড পাবে পাঁচ লাখ টাকা পুরস্কার, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে একটি করে হোন্ডা ডিও মোটরবাইক।
আরো পড়ুন: ছোট পর্দায় আসছেন অপু বিশ্বাস
সনি ডিএডিসির সহায়তায় বিজয়ীদের নিয়ে গঠিত ব্যান্ডকে দেওয়া হবে বলিউডের অ্যালবামে গান গাওয়ার বিশেষ সুযোগ।
এছাড়াও বিজয়ীরা পাবেন আর্টিস্টস্প্রেড, সনি ডিএডিসি এবং ক্রেইন্স লিমিটেডের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি, যার আওতায় তাদের দু’টি অ্যালবাম প্রকাশ এবং বিশ্বব্যাপী প্রচার ও বিপণন করা হবে।
তারা পাবেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার, ডকুমেন্টারি, বিশেষ টেলিফিল্ম এবং কমপক্ষে ৩০টি লাইভ পারফরমেন্সের সুযোগ।
