শুক্রবার মুক্তি পাচ্ছে দীপার ছবি

এবারই প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে তার অভিনীত ছবি ‘ভাইজান এলো রে’। আগামী ২০ জুলাই বাংলাদেশে এটি মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে এন ইউ আহমেদ ট্রেডার্স। ছবির নায়ক শাকিব খান। তার বিপরীতে রয়েছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার। জয়দীপ মুখার্জী পরিচালিত এই ছবিতে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দার। তিনি বলেন, ‘এই ছবিতে আমি নায়িকার ভূমিকায় অভিনয় করিনি। কিন্তু ছবির গল্পে আমার চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। আমি যখন কলকাতায় এই ছবির শুটিং করছিলাম, তখন আমার চরিত্রটি নিয়ে নিজেদের আবেগের কথা বলছিলেন শ্রাবন্তী ও পায়েল সরকার। তারা বুঝতে পেরেছিলেন আমার চরিত্রটিতে অভিনয়ের বেশ জায়গা রয়েছে। আমি ছবির নায়িকা না হলেও আমার চরিত্রটির বিস্তার ছবির গল্প জুড়েই।’ দীপা আরো বলেন, ‘এই ছবিতে কাজ করে আমার ভালো লেগেছে। কাজটি আমি উপভোগ করেছি। আমি আশাবাদী ছবিটি সবার ভালো লাগবে।’ এদিকে গত ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতে সিনেমাটি মুক্তি দেয়ার কথা থাকলেও উৎসবে বাংলাদেশে বিদেশি সিনেমা মুক্তি দেয়ায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ফলে ঈদুল ফিতরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পায়নি। দিতে পারেনি সিনেমাসংশ্লিষ্টরা। গত ১৬ জুন কলকাতায় মুক্তি পায় ‘ভাইজান এলো রে’। কলকাতার এসকে মুভিজ প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, শাহেদ আলী এবং কলকাতার রজদাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক ও সুপ্রিয় দত্ত প্রমুখ।