শীর্ষ অভিনেতারা কেন তার বিপরীতে থাকেন না, জানালেন তাপসী

অভিনয় দক্ষতা দিয়ে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী তাপসী পান্নু। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে ভক্ত-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে তার অধিকাংশ ছবিতেই তার বিপরীতে ভারতের শীর্ষস্থানীয় অভিনেতাদের তেমন দেখা যায় না।

৩৪ বছর বয়সী এই অভিনেত্রী মনে করেন, তার অভিনীত বেশির ভাগ চলচ্চিত্রের কাহিনী নারী প্রধান হওয়ায় এবং পর্দায় তার তুলনায় নিজের উপস্থিতি ফিকে হয়ে যাওয়ার আশঙ্কায়ই তার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে ইচ্ছুক নন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় অভিনেতারা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা জানা যায়।

২০২১ সালের এফআইসিসিআই গ্লোবাল ইয়াং লিডারস সামিটে সিবিএফসি সদস্য বাণী ত্রিপাঠী টিকুর সঙ্গে একটি সাক্ষাত্কারে নারীপ্রধান চলচ্চিত্রে অভিনয় করতে কীভাবে ভারতের শীর্ষস্থানীয় অভিনেতারা দ্বিধাগ্রস্ত থাকেন তা নিয়ে কথা বলেছেন তাপসী পান্নু। তার সঙ্গে কাজ না করার জন্য অভিনেতারা যেসব কারণ দেখান সেগুলো উল্লেখ করে বিভিন্ন ঘটনার কথা জানিয়েছেন তাপসী।

তিনি জানান, একবার এক অভিনেতা তার সঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয় করতে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে সেই অভিনেতা বলেছিলেন, “একজন তাপসীকে সামলানোই মুশকিল, এখানে তো দুজন তাপসীকে সামলাতে হবে।’’ ওই চলচ্চিত্রে তাপসী দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন।

আরেকটি ঘটনার কথা জানিয়ে তিনি বলেন, ‘‘আগেও একসঙ্গে কাজ করা এক অভিনেতাকে আমার সঙ্গে অভিনয় করতে প্রস্তাব দেওয়া হলেও তিনি আমার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে রাজি হননি। তিনি বলেছিলেন, ‘‘আমি এই ছবিটি করতে চাই না কারণ, আসলে, সহানুভূতি শেষ পর্যন্ত মেয়েটির প্রতি বেশি যায়।’’

অন্য একজন অভিনেতা ছিলেন যাকে আমার সঙ্গে ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল এবং আমরা আগে একসঙ্গে কাজ করেছি। তিনি শুধু বলেছিলেন, ‘‘আমি এই ছবিটি করতে চাই না কারণ শেষ পর্যন্ত নারীদের দিকেই সহানুভূতি বেশি যায়।’’

তাপসী আরও জানান, সেই চলচ্চিত্রের গল্পটি ছিল একটি প্রেমের গল্প! আমি তাকে বলেছিলাম তার মতো একজন অভিনেতার কাছে আমি আরেকটু বেশি আত্মবিশ্বাস আশা করেছিলাম। তিনি আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তিনি একজন বড় তারকা। তবে এটি খুবই রুঢ় সত্য যে প্রতিনিয়ত আমাদের এসব মোকাবিলা করতে হয়।’’

এমনকি নবাগত অভিনেতারাও তার সিনেমায় অভিনয় করতে চান না বলে জানিয়ে তাপসী বলেন, “যখনই আমি আমার অভিনীত চলচ্চিত্রে আমার বিপরীতে কাজ করার জন্য প্রযোজকদের কাছে সহশিল্পীদের তালিকা দেখি সেখানে কেবলমাত্র একটি বা দুটি চলচ্চিত্রে কাজ করা অভিনেতাদেরই বেশিরভাগ সময়ে দেখা যায়। এমনকি সেই ভূমিকাতেও তারা অভিনয় করতে চান না। কারণ যেসব চলচ্চিত্রে তাদের ভূমিকা মাত্র ১০%, ইন্ডাস্ট্রির হালচাল তাদের সেসব চলচ্চিত্র না করারই পরামর্শ দেয়।’’

তাপসীর কথায় যথেষ্ট যুক্তি রয়েছে। অন্তত তার অভিনীত চলচ্চিত্রগুলো সেই যুক্তির পক্ষেই কথা বলবে। ক্যারিয়ারে বিজ্ঞানী থেকে শুরু করে আইনজীবী, হকি খেলোয়াড়, অ্যাথলেট এবং আরও অনেক ভূমিকায় তাপসী পান্নুকে দেখা গিয়েছে; যেগুলোর অধিকাংশই ছিল নারীপ্রধান। আর অধিকাংশ ভারতীয় নারীপ্রধান চলচ্চিত্রের দিকে তাকালে দেখা যায় সেসব চলচ্চিত্রে কোনো অভিনেতার চরিত্রের তেমন গুরুত্ব থাকে না।

তাপসীকে সম্প্রতি আকর্ষ খুরানার ‘‘রশ্মি রকেট’’ চলচ্চিত্রে দেখা গেছে। বর্তমানে তিনি কাজ করছেন ‘‘শাবাশ মিঠু’’ চলচ্চিত্রে, সেখানে তাপসীকে দেখা যাবে ক্রিকেটার মিতালি রাজের ভূমিকায়। পাইপলাইনে রয়েছে প্রতীক গান্ধীর সঙ্গে ‘‘ওহ লাড়কি হ্যায় কাহান’’। এছাড়া, কাল্ট-হিট জার্মান চলচ্চিত্র ‘‘রান লোলা রান’’এর রিমেক ‘‘লুপ লাপেটা’’ চলচ্চিত্রেও প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি।