গত বছরটা আলিয়া ভাটের মোটেও ভালো কাটেনি। বাবা মহেশ ভাট পরিচালিত সড়ক টু ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। খুব একটা আলোচনায় ছিল না ছবিটি। এই অবস্থায় একসঙ্গে আসতে চলেছেন শাহরুখ-আলিয়া জুটি। যা নিয়ে ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
পাঁচ বছর আগে ডিয়ার জিন্দেগি ছবিতে শাহরুখ-আলিয়াকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। তবে এবার তাদের একসঙ্গে পর্দায় দেখা যাবে না। কারণ, এই ছবিতে শাহরুখের ভূমিকা একদম আলাদা। কয়েক মাস ধরেই গুঞ্জন, শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস’–এর পরবর্তী ছবির নায়িকা হতে যাচ্ছেন আলিয়া।
কিং খান প্রযোজিত এ ছবির নাম ‘ডার্লিংস’। আর তিনি ‘ডার্লিংস’–এর জন্য আলিয়াকেই চেয়েছিলেন। শাহরুখ এই বলিউড নায়িকার কাছে ছবির প্রস্তাব দিয়েছিলেন। জানা গেছে, আলিয়া এ ছবির জন্য ‘হ্যাঁ’ বলেছেন। তবে পর্দায় শাহরুখ-আলিয়াকে একসঙ্গে দেখা যাবে না। এ ছবিতে কিং খান শুধু প্রযোজক।
রেড চিলিস সূত্রে জানা গেছে, ‘ডার্লিংস’ ছবিটি মুম্বাইয়ের একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরে। এ ছবিতে মা-মেয়ের সম্পর্ককে ঘিরে এক ব্যতিক্রম গল্প বোনা হয়েছে। তারা তাদের জীবনের নানা সমস্যা অদ্ভুত উপায়ে সমাধান করবে। ‘ডার্লিংস’ ছবিতে মায়ের ভূমিকায় দেখা যাবে বলিউডের দাপুটে অভিনেত্রী শেফালী শাহকে। আর আলিয়া তার মেয়ের চরিত্রে আছেন।
জানা গেছে, ছবির কাহিনি শুনে আলিয়ার ভালো লেগেছে। আর ছবিতে নিজের অভিনীত চরিত্র নিয়ে বেশ খুশি এই বলিউড অভিনেত্রী। আলিয়া শিগগিরই ‘ডার্লিংস’ ছবির শুটিং শুরু করবেন। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির শুটিং শেষ হওয়ার পরে তার ‘ইনশা আল্লাহ’ ছবির শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ’–এর পর তিনি কিং খানের ছবির শুটিং শুরু করবেন।
জস্মিত কে রেনে ডার্লিংস ছবিটি পরিচালনা করবেন। এ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক হতে যাচ্ছে। এর আগে ফোর্স টু, পতি পত্নী অউর ওহ, ফন্নে খান ছবির লেখক ছিলেন তিনি। এ ছাড়া জস্মিত বেশ কিছু হিট ছবির সহপরিচালক ছিলেন। আলিয়া, শেফালী ছাড়াও ডার্লিংস ছবির মূল চরিত্রে আছেন বিজয় বর্মা।
আরও জানা গেছে, ইতিমধ্যে এ ছবির শুটিং–পূর্ববর্তী নানা কাজ শুরু হয়ে গেছে। মুম্বাইয়ে ডার্লিংস–এর শুটিং হবে। নির্মাতারা ছবিটি এ বছরই মুক্তি দেওয়ার চেষ্টায় আছেন। সম্ভবত এ সপ্তাহে রেড চিলিস ডার্লিংস–এর আনুষ্ঠানিক ঘোষণা করবে।
এই মুহূর্তে আলিয়া আর রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র ছবিটি এখন আলোচনায়। এ ছবির শুটিং শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।
