শাস্তি পেলেন রুবেল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ফাইনালে অহেতুক মন্তব্যের কারণে জরিমানার মুখে পড়েছেন টাইগার পেসার রুবেল হোসেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিধি (লেভেল ওয়ান) ভঙ্গের অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ জুলাই) সেন্ট কিডসে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৮তম ওভারে রুবেলের বল বাউন্ডারি হাঁকান শিমরন হেটমেয়ার। এ সময় ক্ষিপ্ত হয়ে বাজে মন্তব্য করে বসেন টাইগার পেসার। ফলে তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয় এবং আইসিসি কর্তৃক হুঁশিয়ারি করা হয়। এর আগে আফগানিস্তান সিরিজেও এক ডিমেরিট পয়েন্ট ছিল রুবেলের। সে হিসেবে আর দুই পয়েন্ট যোগ হলে বড় ধরনের সমস্যার মুখে পড়বেন তিনি।

এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে বলা হয়, ‘রুবেল তার প্রতিপক্ষ খেলোয়াড়কে অযথা হেনস্তা করেছে এবং সে বিধি ভঙ্গ করেছে।’

তবে ম্যাচ শেষে রুবেল তার অপরাধ স্বীকার করে এবং আইসিসির নিকট ক্ষমা প্রার্থনা করে। তাই বিষয়টি আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন মনে করবে না আইসিসি।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথমদিকে সতীর্থদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন রুবেল। সে কারণে তাকে দেশে পাঠিয়ে দেয়ারও কথা উঠেছিল। তাই বলে কি সেই রাখ-ক্ষোভ প্রতিপক্ষের ওপর ঝাড়লেন রুবেল হোসেন?-