শারীরিক প্রতিবন্ধী আল-আমিনকে যা উপহার দিলেন রাশিদ খান

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন উৎসবের আমেজ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ছাড়াও ছিল সাংবাদিকরা। সেখানেই রাশিদ খানের সান্নিধ্যে শারীরিক প্রতিবন্ধী আল-আমিন।

জানা যায়, গুলিস্তানে বাসা আল -আমিনের, ক্রিকেটকে ভালোবাসেন প্রচন্ড। সে টানেই টিকিট কেটে খেলা দেখতে মিরপুরে আসেন। এদিকে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হল আফগানিস্তানের বাংলাদেশ সফর। ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ করলো ১-১ সমতায়।

আজ পুরষ্কার বিতরণী শেষে রাশিদ খানের সাক্ষাৎকার নিতে জড়ো হয় সাংবাদিকরা। সেখানে হাজির আল আমিন। সাক্ষাৎকার শেষে রাশিদের কাছে অস্পষ্ট ভাষায় একটি বল করার আবদার তার। শুরুতে রাশিদ না বুঝলেও উপস্থিত সাংবাদিকেরা বুঝিয়ে দেন।

এ সময় রাশিদও সাথে সাথে রাজি হন, কিন্তু নেই কোনো বল। রাশিদ সাথে করে নিয়ে যান আল-আমিনকে। ড্রেসিং রুমে নিয়ে বল করার অবশ্য সুযোগ দিতে পারেননি। তবে নিজের সিগনেচার করা একটি বল উপহার দেন আল-আমিনকে। আল-আমিনও তাতে দারুণ খুশি, আনন্দে উচ্ছ্বসিত হয়ে মাঠ ছাড়েন তিনি।