শাকিব-অপু-পূর্ণিমাদেরও ছাড়িয়ে গেলেন পরীমনি

গত বছর থেকেই ধারাবাহিকভাবে চর্চায় রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মাদককাণ্ডে গ্রেপ্তার, কারামুক্তি থেকে শুরু করে সম্প্রতি হঠাৎই তার মা হতে চলার খবর দেওয়া এবং সহ-অভিনেতাকে বিয়ে, পরী রয়েছেন আলোচনার শীর্ষে। নতুন বছরের শুরুতেই দিয়েছিলেন এই বিয়ে ও মা হতে চলার খবর।

ছবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা কথা সবসময় সোশ্যাল সাইটে শেয়ার করেন পরীমনি। স্বভাবতই সে সব খবর জানতে ভক্তরা ঢুঁ মারেন তার সোশ্যাল পেজে। ফলে সাম্প্রতিক সময়ে ক্রমশই বাড়তে থাকে তার ফলোয়ারের সংখ্যা। তারই জেরে মঙ্গলবার ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে।

এর ফলে সামাজিক মাধ্যমের জনপ্রিয়তায় পরীমনি এখন বাংলাদেশি সকল তারকার চেয়ে উপরে। নায়িকাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন পূর্ণিমা এবং তৃতীয় স্থানে রয়েছেন অপু বিশ্বাস।। তাদের ফলোয়ারের সংখ্যা যথাক্রমে ৯৭ লাখ ও ৮৭ লাখ। এরপর রয়েছেন জয়া আহসান ও শাকিব খান। তাদরে দুজনের ফলোয়ার ৫৬ লাখ।

সম্প্রতি এক ছবির নায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। তার আগে জানান মা হতে চলেছেন। এরপর নায়িকা জানান, তিনি দেড় বছর শুটিং করবেন না। তার পরও ‘মা’ নামে একটি ছবির শুটিং শেষ করার তাগিদে ফ্লোরে ফেরেন অভিনেত্রী। কিন্তু গাজীপুরে ছবির শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি।

গায়ে জ্বর নিয়ে ওই শুটিংয়ে গিয়েছিলেন নায়িকা। সেখানে অসুস্থ হয়ে পড়ায় পরে তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। মাদককাণ্ডে মঙ্গলবার পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থ থাকায় নায়িকা আদালতে হাজির হতে পারেননি।

এমনকি, এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য প্রার্থী হয়েছিলেন পরীমনি। শারীরিক অবস্থা ঠিক না থাকায় পরে তিনি নির্বাচন ছেড়ে দেন। এছাড়া অসুস্থতার কারণে গত শুক্রবার ভোট পর্যন্ত দিতে যেতে পারেননি অভিনেত্রী।

সূত্র : ঢাকাটাইমস