ঢালিউড সুপারষ্টার শাকিব খান বলিউড যাচ্ছেন! এমন খবর এদেশী মিডিয়া প্রকাশ করেছে কয়েকবার। বিশেষ করে শাকিব খান ভক্তরা বারবারই এমন খবর প্রচার করেছে নায়কের ফেসবুক পেইজ বা গ্রুপে। আর সেসব প্রচারণাই কখনো কখনো উঠে এসেছে নানা মিডিয়ায়। তবে সত্যি সত্যি কি বলিউড পাড়ি দিচ্ছেন ঢালিউড কিং?
এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেল না শাকিব ভক্তদের খুশি করার মতো কোন খবর। বরং যা জানা গেল তাতে ওমুখো হতে গেলে নায়ককে আরো অনেক কাঠ-খড় পোড়াতে হবে।
ঢালিউড ও টালিউডের পর বলিউডের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেতে আঁটঘাট বেঁধে নেমেছিলেন শাকিব খান। যে কারণে বলিউডের কোনো চলচ্চিত্রে নাম লেখানোর আগেই গত বছরের মাঝামাঝি থেকে ‘বলিউডে শাকিব খান’ শিরোনামে সংবাদ চাউর হয় গণমাধ্যমে।
অবশ্য তারও বছর খানেক আগে এ অভিনেতা গণমাধ্যমকে বলেছিলেন, তিনি বলিউডের চলচ্চিত্রে ‘চুক্তিবদ্ধ’ হয়েছেন। নিজের চরিত্রের জন্য প্রস্তুতিও সেরে ফেলেছেন। কিছুদিনের মধ্যেই সহশিল্পী-নির্মাতাদের নাম প্রকাশের ঘোষণাও দিয়েছিলেন ঢালিউড সুপারষ্টার ।
বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার চেষ্টা করছেন ঢাকাই সুপারষ্টার। তবে এখনও কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘সবুজ সঙ্কেত’ পাননি তিনি। সহসা পাবেন বলেও ইতিবাচক কোন খবর নেই।

বলিউডে সুযোগ পেতে শাকিব খান যোগাযোগ করেছিলেন বলিউড নির্মাতা হারিশ ব্যাসের সঙ্গে। গত বছর মুক্তিপ্রাপ্ত বলিউডের আলোচিত চলচ্চিত্র ‘আংরেজি মে কেহতা হ্যায়’র নির্মাতা তিনি। তার এ ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, পঙ্কজ ত্রিপাঠি, ব্রিজেন্দ্র কালা, অংশুমান ঝা ও একাভলি খান্নার মতো অভিনয়শিল্পীরা।
গত বছরের শুরু থেকেই এ নির্মাতার সঙ্গে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করেছেন শাকিব খান। তার পক্ষ থেকে একজন সহকারী ‘ভাইজান এলো রে’ ও ‘নবাব’ চলচ্চিত্রের ট্রেলারও পাঠিয়েছেন মুম্বাইয়ের এ পরিচালককে।
একথা অবশ্য স্বীকারও করেছেন হারিশ ব্যাস। তিনি জানান, ‘শাকিব খানের দুটি সিনেমার ট্রেলার আমি পেয়েছি। ট্রেলারগুলো দেখেছি। তবে তার সঙ্গে কাজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে পরে আর মিটিংয়ে বসা হয়নি। মিটিং না হওয়ার আগ পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’
বলিউডের ডাক পাওয়ার অপেক্ষায় থাকা এ নায়ককে অবশ্য ইদানিং টালিউডের কোন সিনেমাতেও দেখা যাচ্ছে না। যদিও শাকিব খান জানিয়েছেন, ঢালিউডের ছবিতে সময় বেশি দিতেই তিনি টালিউডের ছবি হাতে নিচ্ছেন না। তবে টালিউডের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শাকিব খান যে পারিশ্রমিক চাইছেন তাতে তাকে দিয়ে সিনেমা বানানো সম্ভব না।
অবশ্য ঢালিউডে বর্তমানে ‘শাহেনশাহ’ ও একটু প্রেম দরকার’ ছবি নিয়ে ব্যস্ত আছেন কিং খান। এর বাইরে ‘বীর’ ও ‘টাইগার’ নামের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার ‘নোলক’ ছবিটি।
