শশুরবাড়ির সকলেই অপেক্ষায় আছেন: মাহি

আসছে ঈদে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘জান্নাত’। একাধিকবার মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও কয়েকদিন আগেই সেন্সরের ছাড়পত্র পায় ছবিটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। সিনেমাটির শুটিংয়ের শুরু থেকেই ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা দেখা গেছে।

আর তাই তো আশায় বুক বেঁধেছেন ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি বলেন, সিনেমাটি আমার জন্য দারুণ একটি স্মৃতি হয়ে থাকবে। আমার প্রথম সিনেমা ‘দুই নয়নের আলো’ যেভাবে আনন্দ দিয়েছিল, ‘জান্নাত’ নির্মাণ করেও সেই একই আনন্দ পেলাম। সাইমন-মাহি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তাই আমার মনে হচ্ছে অন্যতম সেরা সিনেমা হতে যাচ্ছে জান্নাত।

ছবিটির মুক্তি উপলক্ষে শনিবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলেনের আয়োজন করা হয়। সেখানে এসব কথা বলেন জান্নাত ছবির পরিচালক।

এ সময় মাহি বলেন, অনেক সিনেমাতেই অভিনয় করেছি। এর মধ্যে অনেক ছবিই আমার পরিবারের ভালো লাগে নি। কোনোটা দেখার জন্য প্রস্তাব করতে পেরেছি তো কোনোটার জন্য পারিনি। কিন্তু এই প্রথম একটা সিনেমা যেটা দেখার জন্য অপেক্ষা করছে আমার শশুরবাড়ির সকলেই। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া।

অন্যদিকে সাইমন বলেন, ‘মানিক ভাইয়ের ইচ্ছে ছিল সমসাময়িক গল্প নিয়ে কাজ করবেন। একটি সত্য ঘটনা অবলম্বনে সুদীপ্ত সাঈদ এই সিনেমার গল্প লিখেছেন। সারা বিশ্ব যখন জঙ্গিবাদ ইস্যুতে অস্থির তখন এমন গল্পের একটি ছবি করা দায়বদ্ধতা বলেই মনে করেছি। আমার বিশ্বাস ছবিটি সবার ভালো লাগবে।’

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়িকা শাবনূর, সংগীতশিল্পী কোনালসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক, চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ সিনেমা সংশ্লিষ্টরা।

‘জান্নাত’ সিনেমায় সাইমন-মাহি ছাড়াও আরো অভিনয় করেছেন আলীরাজ, শিমুল খান ও মিশা সওদাগর। কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।